উন্নয়নের প্রচার—
প্রচারই কি উন্নয়ন?
উন্নয়নের প্রচার—
প্রকৃত কাজের চেয়ে তবে কি ধীরে ধীরে ছবিটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে?
ভারতবর্ষের মতো একটা বিশাল ও বহুমাত্রিক গণতান্ত্রিক দেশে সরকারের ভূমিকা শুধুমাত্র প্রশাসন চালানো নয়—
বরং মানুষের জীবনযাত্রার মান উন্নত করা,
সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং একটা টেকসই ভবিষ্যৎ নির্মাণ করা।
এই লক্ষ্য পূরণের জন্য নানান প্রকল্প পরিকল্পনা এবং নীতির প্রবর্তন হয়।
কিন্তু এই উন্নয়নের গল্প মানুষ পর্যন্ত কীভাবে পৌঁছায়?
এই প্রশ্নের উত্তরেই আসে— সরকারি বিজ্ঞাপন।
প্রচার একটা প্রয়োজনীয় হাতিয়ার, এ কথা অস্বীকার করার উপায় নেই।
কিন্তু যখন প্রচারের পরিমাণ, তার ধরন এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে,
তখন বিষয়টা শুধু অর্থনৈতিক নয়, গণতান্ত্রিকও হয়ে ওঠে।
কিন্তু আধুনিক ভারতের রাজনীতিতে ‘উন্নয়ন’ শব্দটার চেয়েও শক্তিশালী হয়ে উঠেছে
‘উন্নয়নের বিপণন।’
যখন জনগণের কষ্টের ট্যাক্সের টাকায় জনসেবার চেয়েও শাসকের ভাবমূর্তি উজ্জ্বল
করার প্রতিযোগিতা শুরু হয়,
তখন বুঝতে হবে গণতন্ত্রের অভিমুখ জনকল্যাণ থেকে সরে গিয়ে ব্র্যান্ডিং-এর দিকে মোড় নিয়েছে।

বর্তমান ভারতে কেন্দ্র ও রাজ্যের শাসক দলগুলোর বিজ্ঞাপনী খরচের খতিয়ান
আমাদের এই কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে।
আসলে সত্যের নিজস্ব একটা জ্যোতি থাকে,
তাকে প্রচারের আলো দিয়ে উজ্জ্বল করার প্রয়োজন পড়ে না।
জনস্বার্থ রক্ষায় কাজ যদি আন্তরিক এবং ভূমিস্তরে সার্থক হয়,
তবে সাধারণ মানুষ নিজের অভিজ্ঞতা দিয়েই তা অনুভব করতে পারে।
তার জন্য রাজপথের মোড়ে মোড়ে রাশি রাশি টাকার বিজ্ঞাপন
বা ডিজিটাল স্ক্রিনে মুখ দেখানোর প্রয়োজন হয় না।
কারণ যে উন্নয়ন মানুষের পেটের টান মেটায় আর মনে ভরসা জোগায়,
তার সবচেয়ে বড় প্রচারক স্বয়ং জনতা।
কিন্তু যখন দেখা যায় কাজের চেয়ে কাগজের বিজ্ঞাপনের দাপট বেশি,
তখন বুঝে নিতে হবে—
আয়নার চেয়ে ফ্রেম সাজাতেই সরকার বেশি ব্যস্ত, আর সমস্যা সেখানেই।
বিজ্ঞাপনের মহোৎসব:
পরিসংখ্যানের ভয়াল রূপ
তথ্য অধিকার আইন (RTI) এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায়,
গত এক দশকে বিজ্ঞাপনী ব্যয়ের গ্রাফ রকেটের গতিতে ঊর্ধ্বমুখী।
বিগত দশ বছরে কেন্দ্র ও (পড়ুন)পশ্চিমবঙ্গ সরকারের মিলিত বিজ্ঞাপনী খরচ আনুমানিক
৭,৫০০-৮,৫০০ কোটি টাকা।
আর এই পরিমাণ টাকাকে প্রতিদিনের গড় করলে দাঁড়ায়—
২– ২.৩ কোটি টাকা।
এবারে বাকি ২৭টা রাজ্য মিলিত হলে গড় সংখ্যাটা আরও অনেক বেশি হবে।
এখন প্রশ্ন হল:
জনগণের কষ্টে অর্জন করা ট্যাক্সের এই পরিমাণ টাকা কি সত্যিই উন্নয়নের জন্য ব্যয় হচ্ছে,
নাকি সেই উন্নয়নের ছবিটাই আমাদের সামনে বারবার ‘বিক্রি’ করা হচ্ছে?
প্রশ্ন হল:
এই বিপুল অর্থের অর্ধেকও যদি বিজ্ঞাপনের পিছনে খরচ না করে মানুষের প্রয়োজনীয় পরিষেবায় ব্যয় করা হতো, তাহলে কি প্রত্যন্ত গ্রামের বুকে,
অন্তত কয়েকটা ৫০ শয্যার সাধারণ সরকারি বা মাঝারি মানের মাল্টি-স্পেশালিটি গ্রামীণ হাসপাতাল
তৈরি করা যেত না?
যেখানে আজও জরুরী চিকিৎসার অভাবে গ্রামের মানুষ প্রাণ হারান,
কিংবা বাধ্য হয়ে তড়িঘড়ি ছুটে আসতে হয় কলকাতার দিকে?
প্রয়োজন বনাম অতিরিক্ততা:
সরকারি বিজ্ঞাপনের পক্ষে একটা শক্তিশালী যুক্তি রয়েছে— উন্নয়নের প্রচার।
একটা বিশাল দেশে বা রাজ্যে সরকারের নেওয়া সিদ্ধান্ত,
নতুন প্রকল্প বা গুরুত্বপূর্ণ পরিষেবার খবর মানুষের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি।
এখনও এমন বহু মানুষ আছেন, যারা নিয়মিত খবরের কাগজ পড়েন না,
টেলিভিশন দেখেন না, বা ডিজিটাল মাধ্যমের সঙ্গে যুক্ত নন।
তাদের কাছে তথ্য পৌঁছানোর জন্য বিজ্ঞাপন একটা কার্যকর মাধ্যম।
এছাড়া অনেক সময় জরুরী পরিস্থিতিতে—
স্বাস্থ্য সচেতনতা, দুর্যোগ মোকাবিলা বা নাগরিকদের জন্য প্রয়োজনীয় নির্দেশিকা,
এইসব ক্ষেত্রেও সরকারি প্রচার মানুষের জীবন রক্ষা করতেও সাহায্য করতে পারে।
তাই পুরো বিষয়টাকে একপাক্ষিক ভাবে অস্বীকার করা যায় না।

কিন্তু সমস্যা শুরু হয় তখনই— যখন প্রচার এই পর্যায়ে পৌঁছায়,
“তখন সেটা আর শুধু তথ্য দেওয়ার কাজ করে না—
বরং মানুষের ভাবনাকে প্রভাবিত করার হাতিয়ারে পরিণত হয়।”
একই কথা বারবার বলা, একই মুখ বারবার দেখানো— এটা কাকতালীয় নয়।
এটা একটা পরিকল্পনা—
যাতে মানুষ ধীরে ধীরে সেই কথাকেই সত্যি বলে মেনে নেয়।
প্রথমে মানুষ দেখে, তারপর অভ্যস্ত হয়, তারপর আর প্রশ্ন করে না।
কারণ, যা বারবার চোখের সামনে আসে, সেটাই একসময় স্বাভাবিক বলে মনে হতে থাকে।
এখানেই সমস্যা।
কারণ তখন তথ্য আর নিরপেক্ষ থাকে না—
তা হয়ে ওঠে এক ধরনের চাপ, যা সরাসরি নয়, কিন্তু ক্রমাগত কাজ করে।
আর যখন এই কাজটা করতে (পড়ুন) কোটি কোটি টাকা খরচ হয়, তখন প্রশ্নটা খুব স্পষ্ট—
এটা কি মানুষকে জানানো, নাকি মানুষকে একটা নির্দিষ্টভাবে ভাবতে বাধ্য করা?
গণতন্ত্রে সরকার তথ্য দেয়, সিদ্ধান্ত নেয় মানুষ।
কিন্তু যখন প্রচার এতটাই বাড়ে যে সেটাই মানুষের ভাবনার জায়গা দখল করতে শুরু করে,
তখন সেই ভারসাম্যটাই নষ্ট হয়ে যায়।
ব্যক্তিপূজা বনাম প্রতিষ্ঠান:
সংসদীয় কাঠামোর অবক্ষয়
ভারতবর্ষের শাসনব্যবস্থা সংসদীয় পদ্ধতির,
যেখানে ক্ষমতা কোনও একক ব্যক্তির হাতে সীমাবদ্ধ থাকার কথা নয়।
কিন্তু সাম্প্রতিক বিজ্ঞাপনী প্রবণতা এক ভয়ংকর ‘পার্সোনালিটি কাল্ট’ বা ব্যক্তিপূজার জন্ম দিচ্ছে।
কেন্দ্রীয় প্রেক্ষাপট:
রেলস্টেশন থেকে ভ্যাকসিনের সার্টিফিকেট,
প্রতিটা জায়গায় এক তথাকথিত ‘নন বায়োলজিক্যাল’ সত্তার উপস্থিতি।
ফলে বহু সংখ্যক মানুষ বোধহয় ইতিমধ্যে ভাবতে শুরু করেছেন,
প্রতিটা পরিষেবা কোনও সরকারি প্রতিষ্ঠানের নয়, বরং একজন ব্যক্তির দেওয়া ব্যক্তিগত ‘উপহার।’
রাজ্য প্রেক্ষাপট:
পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও প্রতিটা প্রকল্পের মোড়কে নির্দিষ্ট মুখচ্ছবি ব্যবহার করা হচ্ছে।
যখন করদাতার টাকায় কোনও নেতাকে প্রায় ‘ঈশ্বরতুল্য’ ভাবমূর্তিতে তুলে ধরা হয়,
তখন ধীরে ধীরে এমন একটা ধারণা তৈরি হতে পারে,
যেখানে প্রশাসনিক কাঠামো ও স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা আড়ালে পড়ে যায়।
উন্নয়নের প্রচার:
প্রকৃত উন্নয়ন কোথায় দাঁড়িয়ে?
এখানেই মূল প্রশ্ন।
- যখন সরকারি স্কুলে শিক্ষক সংকট স্থায়ী বাস্তবতা হয়ে ওঠে,
কোথাও কোথাও স্কুলের দরজাই চিরতরে বন্ধ হয়ে যায়—
ফলে কয়েক প্রজন্মের ভবিষ্যৎ নিঃশব্দে অন্ধকারের অতলে তলিয়ে যায়। - যখন সরকারি হাসপাতালে শয্যার অভাব থাকে,
আর উন্নত পরিষেবার দাবির মাঝেও ন্যূনতম স্বাস্থ্যকর পরিবেশ অনুপস্থিত—
ফলে চিকিৎসা আর অধিকার নয়, ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া এক নির্মম অপেক্ষায় পরিণত হয়। - লক্ষ লক্ষ তরুণ-তরুণী যখন কর্মসংস্থানের আশায় অনিশ্চয়তার প্রহর গোনে—
ফলে তাদের স্বপ্ন ধীরে ধীরে ক্ষয়ে গিয়ে হতাশার ভারে নুয়ে পড়ে,
আর সমাজ হারায় তার সবচেয়ে সম্ভাবনাময় শক্তিকে।
তখন রাজ্য বা রাষ্ট্রের অগ্রাধিকার নিয়ে প্রশ্ন তোলা অনিবার্য হয়ে ওঠে।
এই বিপর্যস্ত বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রচারে বেমালুম হাজার হাজার কোটি টাকার এই ব্যয়—
তা কি সত্যিই সময়োপযোগী সিদ্ধান্ত, নাকি এক নির্মম প্রহসন, যা বিবেককেই কাঠগড়ায় দাঁড় করায়?
প্রচার অবশ্যই দরকার।
কিন্তু উন্নয়ন এবং প্রচারের মধ্যে একটা সুস্থ ভারসাম্য থাকা প্রয়োজন।
যদি সেই ভারসাম্য নষ্ট হয়, তাহলে বিজ্ঞাপন হয়ে ওঠে বাস্তবতার বিকল্প—
যা গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক।
স্ববিরোধিতা ও বিশ্বাসযোগ্যতার সংকট:
রাজনৈতিক বক্তব্যে প্রায়ই শোনা যায়— “কাজই আসল পরিচয়, প্রচার নয়।”
কিন্তু বাস্তবে যখন একই রাজনৈতিক শক্তি বিপুল অর্থ ব্যয় করে প্রচার চালায়,
তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক।
এই স্ববিরোধিতা ধীরে ধীরে বিশ্বাসযোগ্যতাকে ক্ষয় করে।
ডিজিটাল সাম্রাজ্যবাদ:
প্রথাগত হোর্ডিং বা খবরের কাগজের বাইরে এখন যুদ্ধের ময়দান হল ডিজিটাল প্ল্যাটফর্ম।
গুগল, ইউটিউব এবং মেটার (ফেসবুক ও ইনস্টাগ্রাম) তথ্য অনুযায়ী,
রাজনৈতিক দলগুলোর বিজ্ঞাপনী ব্যয়ের সিংহভাগ এখন এই মাধ্যমগুলোতে যাচ্ছে।
১. অ্যালগরিদম নিয়ন্ত্রণ:
সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম ব্যবহার করে মানুষের অবচেতন মনে নির্দিষ্ট আদর্শ ঢুকিয়ে দেওয়া হচ্ছে,
এমনটাই অনেকের মত।
২. নিরপেক্ষ সাংবাদিকতায় বাধা:
যখন বড় নিউজ পোর্টালগুলো সরকারি বিজ্ঞাপনের ওপর নির্ভরশীল হয়ে পড়ে,
তখন তাদের পক্ষে নিরপেক্ষ খবর প্রকাশ করা কঠিন হয়ে দাঁড়ায়।
৩. অন্ধভক্তি সৃষ্টি:
তথ্যের চেয়ে অনুভূতিকে বেশি প্রাধান্য দিয়ে সাধারণ মানুষকে ‘নাগরিক’ থেকে ‘অন্ধ ভক্তে’
রূপান্তর করার এক অদৃশ্য প্রক্রিয়া চলছে বলেও অনেকাংশের দাবি।
উন্নয়নের প্রচার—
গণতন্ত্রের মূল প্রশ্ন:
একটা গণতন্ত্রে সরকার কোনও ব্যক্তি নয়— একটা প্রতিষ্ঠান।
কিন্তু যদি সেই প্রতিষ্ঠানের কাজকে বারবার একটা ব্যক্তির ইমেজের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়,
তখন ধীরে ধীরে শাসনের আসল কাঠামোটাই আড়ালে চলে যেতে শুরু করে।
প্রশাসন, বিভিন্ন দপ্তর, স্থানীয় জনপ্রতিনিধি—
যারা আসলে কাজের মূল ভিত্তি, তাদের ভূমিকা মানুষের চোখে কম দৃশ্যমান হয়ে যায়।
সবকিছু যেন এক ব্যক্তির হাত ধরে হচ্ছে— এমন একটা ধারণা তৈরি হতে থাকে।
এর সরাসরি প্রভাব পড়ে মানুষের চিন্তাভাবনায়।
মানুষ তখন পরিষেবা বা অধিকারের জায়গা থেকে ভাবা কমিয়ে দেয়,
বরং ব্যক্তিকে কেন্দ্র করে ভাবতে শুরু করে— কে দিল, কে করল, কার অনুগ্রহে হল।
এখানেই সবচেয়ে বড় পরিবর্তনটা ঘটে।
কারণ তখন নাগরিক আর নাগরিক থাকে না, ধীরে ধীরে সে হয়ে ওঠে একজন ‘গ্রহীতা,’
যে নিজের অধিকার নয়, বরং প্রাপ্তিকে গুরুত্ব দেয়।
এর দীর্ঘমেয়াদি প্রভাব আরও গভীর।

- প্রথমত, প্রশাসনিক জবাবদিহিতা কমে যায়—
কারণ দায়-দায়িত্ব আর প্রতিষ্ঠানের ওপর থাকে না, ব্যক্তির ভাবমূর্তির আড়ালে তা চাপা পড়ে যায়। - দ্বিতীয়ত, স্থানীয় সমস্যাগুলো গুরুত্ব হারায়—
কারণ নজর থাকে ওপরের ইমেজে, নিচের বাস্তবে নয়। - তৃতীয়ত, প্রশ্ন করার প্রবণতা কমে যায়—
কারণ মানুষ ব্যক্তি নয়, ব্যবস্থাকে প্রশ্ন করতে শেখে; আর যখন ব্যবস্থা আড়ালে চলে যায়,
তখন প্রশ্ন করার জায়গাটাও সংকুচিত হয়ে পড়ে।
ফলে, বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও, ভেতরে ভেতরে গণতন্ত্রের ভারসাম্য বদলাতে থাকে।
প্রতিষ্ঠানের জায়গায় ব্যক্তি উঠে আসে, আর নাগরিকের জায়গায় তৈরি হয় সমর্থক।
এই পরিবর্তন হঠাৎ করে চোখে পড়ে না, কিন্তু একসময় গিয়ে তার প্রভাব স্পষ্ট হয়—
যখন কাজের চেয়ে ইমেজ বড় হয়ে দাঁড়ায়, আর প্রশ্নের জায়গায় আসে নিঃশর্ত গ্রহণ।
অগ্রাধিকারের প্রশ্ন:
স্বাস্থ্য-শিক্ষা বনাম প্রচার
উন্নয়ন ও প্রচারের মধ্যে যে ভারসাম্য থাকা প্রয়োজন, তা বাস্তবে দেখা যাচ্ছে এমন—
যে সময় গ্রামীণ হাসপাতালে ওষুধের অভাব কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা বাড়ছে,
সেই সময়েই বিজ্ঞাপনের বাজেট বাড়ছে কয়েক গুণ।
২০১৭-১৮ সালে যখন দেশের অর্থনীতি সংকটের মুখে ছিল,
তখনও বিজ্ঞাপনী ব্যয় ৯০০ কোটি টাকার ওপরে পৌঁছেছিল।
২০২৪ সালের নির্বাচনের প্রাক্কালে ডিজিটাল প্ল্যাটফর্মে যে পরিমাণ অর্থ ঢালা হয়েছে,
তা দিয়ে ভারতের কয়েক হাজার প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো আমূল বদলে দেওয়া সম্ভব ছিল।
সরকার যখন তার কাজে শতভাগ সফল হয়, তখন তার প্রচারের প্রয়োজন সত্যিই পড়ে কি?
না, পড়ে না।
প্রকল্পের সুফল যখন মানুষের দুয়ারে পৌঁছায়,
তখন সেই মানুষটাই সরকারের শ্রেষ্ঠ বিজ্ঞাপনী দূত হয়ে ওঠেন।
কিন্তু বর্তমানে কাজের চেয়ে তার ঘোষণা এবং ‘ঢক্কা নিনাদ’ অনেক বেশি জোরালো।

উন্নয়নের প্রচার—
এর বাইরে বাস্তবতা
বিজ্ঞাপন কখনও উন্নয়নের বিকল্প হতে পারে না।
একটা রাস্তা, একটা হাসপাতাল, একটা কর্মসংস্থান প্রকল্প— এসবের প্রভাব দীর্ঘস্থায়ী।
কিন্তু একটা হোর্ডিং বা ডিজিটাল বিজ্ঞাপন— তা ক্ষণস্থায়ী।
সাধারণ মানুষ শেষ পর্যন্ত ফলাফলই দেখে, পোস্টার নয়।
গণতন্ত্রে প্রশ্ন করার অধিকারই শেষ কথা।
আমরা যদি আজ বিজ্ঞাপনী মোহে অন্ধ হয়ে যাই,
তবে ভবিষ্যতে প্রকৃত উন্নয়ন কেবল কাগজের বিজ্ঞাপনেই সীমাবদ্ধ থাকবে।
আমাদের বুঝতে হবে,
প্রতিটা টাকার উৎস হল সেই দিনমজুরের নুন কেনা ট্যাক্স কিংবা চাকুরিজীবীর আয়ের অংশ।
বিখ্যাত, অস্কারজয়ী ও অনন্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায় তাঁর কালজয়ী সৃষ্টিতে দেখিয়েছিলেন—
অত্যাচারী শাসকের দর্প চূর্ণ করতে সাধারণ মানুষের ঐক্যই যথেষ্ট।

উন্নয়নের প্রচার উদ্দেশ্যে বিজ্ঞাপনী হোর্ডিং রোদে ফিকে হয়ে যায়, বৃষ্টিতে ধুয়ে যায়,
কিন্তু মানুষের সত্যিকারের অভাব আর বঞ্চনার ইতিহাস কখনও ধুয়ে-মুছে যায় না।
বিজ্ঞাপনের আড়ালে মুখ না লুকিয়ে একজন প্রকৃত ‘সেবক’ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই
যে কোনও সরকারের জন্য শ্রেষ্ঠ সাফল্য হওয়া উচিত।
না হলে সময় এলে মানুষ ঠিকই বলে বসবে— “দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান!”
( বি: দ্র: অনুগ্রহ করে এই লেখাকে কোনও রাজনৈতিক পক্ষপাতিত্বের দৃষ্টিতে বিবেচনা করবেন না।
এই ওয়েবসাইট আমার-আপনার, সাধারণ মানুষের কল্যাণের উদ্দেশ্যে তৈরি। )
অন্যান্য গুরুত্বপূর্ণ:
( উন্নয়ন না বিজ্ঞাপন? মাইকের স্বর্গ:
ফলে প্রকৃত কাজের বদলে, মাইকটা অবিরাম বাজতে থাকে অনেক বেশি।
আর তা এমন জোরে যে শুনলে মনে হয়,
আগামীকাল ভোর হতেই গোটা এলাকাটা স্বর্গে আপগ্রেড হয়ে যাবে।
আর একেবারে কোমল,
মোলায়েম বাস্তবের কোলে ভর করে জনগণ ডানা মেলে উড়বে সুখের আকাশে।
কখনও কখনও তো মনে হয়,
উন্নয়নটা মাছের কাঁটা হয়ে মাইকের গলায় আটকে গেছে এমনভাবে,
যে আর বেরোতেই পারছে না।
এরপর?
কী রহস্য আছে জানেন গোটা আর্টিকেলে?
জেনে রাখুন নিরপেক্ষ বিচার-বিবেচনায়, তবেই বুঝতে পারবেন আপনার-আমার কথা,
হাজার হাজার মানুষের কথা।
পড়ুন: উন্নয়ন কী? কোনটাকে আপনি উন্নয়ন বলবেন? সতিটা কোথায় লুকিয়ে? )
( চলুন এবারে জেনে নিই এমন এক সংবাদ,
যা রীতিমতন আপনাকে ভাবতে বাধ্য করবে।
এ কোন যুগে আমরা বাস করছি?
আর কী কী শুনতে ও দেখতে হবে আমাদের?
এগুলো কি বাড়বে দিনের দিন, না এর বিরুদ্ধে নেওয়া হবে কড়া পদক্ষেপ?
“আর এই জায়গাটাই ধীরে ধীরে কিছু অপরাধী চক্রের জন্য হয়ে উঠছে এক ধরনের সংগঠিত প্রশিক্ষণ ক্ষেত্র—
যেখানে অপরাধ শুধু ঘটে না, বরং শিখিয়ে তৈরি করা হয়।
শুনলে হয়তো আপনার গা শিউরে উঠবে বা অস্বস্তি লাগবে,
কিন্তু এটাই বর্তমান ডিজিটাল বিশ্বের এক বীভৎস বাস্তবতা।
পড়ুন: …যেখানে ধর্ষণের জন্যে চলে গোপন ক্লাস! )
একটা বিশেষ নিবেদন:
[ আপনাদের অকুণ্ঠ ভালোবাসাই Articlesবাংলা-র পথ চলার আসল এবং একমাত্র পাথেয়।
কেন আমাদের সাথে পথ চলবেন?
আমাদের লক্ষ্য
যৌথ অগ্রযাত্রা
আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাঁদেরও পড়তে, জানতে একটা সুযোগ করে দিন।
আমাদের অঙ্গীকার
বাঙালি জাতি যুগে যুগে তাঁর দেশ তথা পৃথিবীকে কীভাবে ঋদ্ধ ও সমৃদ্ধ করেছে।
ধন্যবাদ! )
Articlesবাংলা Bangla Articles, Quotes & Prose-Poetry / বাংলা প্রবন্ধ, উক্তি ও গদ্য-কবিতা।





