ভারতের স্বাধীনতার পর থেকে সরকারি চিকিৎসা আর বেসরকারি হাসপাতাল সম্পর্কে কিছু কথা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম।
চিকিৎসাবিজ্ঞান যখন উন্নতির শিখরে, তখন সাধারণ মানুষের কাছে সেই চিকিৎসা যেন এক বিলাসবহুল অভিশাপ!
একটা রোগ কেবল একটা শরীরকে আক্রমণ করে না,
বরং একটা সাজানো গোছানো পরিবারের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে চুরমার করে দেয়।

একে অর্থনীতিবিদরা বলেন ‘Medical Impoverishment’ বা চিকিৎসাজনিত দারিদ্র।
একটা জ্বর, একটা অপারেশন বা হঠাৎ কোনো দুর্ঘটনা—
এগুলো শুধু শরীরকে না, পুরো একটা পরিবারকে বদলে দিতে পারে।
ভারতের মত দেশে যেখানে স্বাস্থ্যব্যবস্থা এখনও পুরোপুরি সবার নাগালে নয়,
একটা বড় অসুখ অনেক সময় সরাসরি দারিদ্রের দিকে ঠেলে দেয় একটা পরিবারকে।
অর্থনৈতিক আঘাত:
যখন সঞ্চয় হয় নিঃস্ব
আমরা সাধারণত অসুখকে চিকিৎসার বিষয় হিসেবে দেখি।
কিন্তু বাস্তবে এটা একটা অর্থনৈতিক আঘাত।
একটা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের বাজেট থাকে সীমাবদ্ধ, অর্থাৎ সীমিত সঞ্চয়ের ওপর নির্ভরশীল।
ফলে হঠাৎ বড় কোনো রোগ বা দুর্ঘটনা সেই বাজেটে একটা বিশালাকার গর্ত তৈরি করে।
- ডাক্তারের ফি।
- পরীক্ষা (Test).
- ওষুধ।
- হাসপাতালের বিল।
সব মিলিয়ে কয়েকদিনের মধ্যে হাজার থেকে টাকা লাফিয়ে কখন যে লাখে পৌঁছে যায়, তা অনেক ক্ষেত্রে বোঝাই যায় না।
একটা বড় অসুখ হলে:
- প্রথমে সঞ্চয় খরচ হয়।
- তারপর ধার।
- এরপর ঋণের ফাঁদ।
- অনেক ক্ষেত্রে গয়না, জমি বিক্রি।
পরিসংখ্যান বলছে:
ভারতে স্বাস্থ্যব্যয়ের প্রায় ৫০%–৬০% (বছরভেদে এই হার ওঠানামা করে) মানুষকে নিজের পকেট থেকে দিতে হয়।
ফলাফল:
একটা আইসিইউ (ICU) বিল বা জটিল অস্ত্রোপচারের খরচ অনেক সময় একটা পরিবারের কয়েক মাস থেকে কয়েক বছরের সঞ্চয় বা মোট আয়ের সমান হয়ে দাঁড়ায়, যা মুহূর্তে শেষ হয়ে যেতে পারে।
আয়ের বিনাশ,
ব্যায়ের লাফিয়ে বাড়া:
অসুখ কেবল জমানো টাকা কেড়ে নেয় না, আসার পথও বন্ধ করে দেয়।
একে আমরা দ্বিমুখী চাপ বলতে পারি।
পরিবারের প্রধান উপার্জনকারী সদস্য যদি অসুস্থ হন, সেক্ষেত্রে পরিস্থিতি আরও ভয়াবহ ও মর্মান্তিক হয়ে ওঠে।
অন্যদিকে, পরিবারের কোনো একজন সদস্যকে তাঁকে দেখাশোনার জন্য আবার কাজ ছাড়তে হয়।
এই জোড়া আঘাতেই একটা সাজানো পরিবার তাসের ঘরের মতো ভেঙে পড়ে।
দীর্ঘমেয়াদি প্রভাব:
শুধু বর্তমান নয়, ভবিষ্যতও
একটা বড় অসুখের প্রভাব কয়েকদিনে শেষ হয় না।
এটা দীর্ঘমেয়াদে একটা পরিবারকে পিছিয়ে দেয়।
- সন্তানের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া।
- ভালো খাবার বা পুষ্টির সাথে আপস করা।
- সঞ্চয় পুরোপুরি শেষ হয়ে যাওয়া।
- চড়া সুদে ঋণ নেওয়ার ফলে সেই ঋণের বোঝা বইতে বইতে একটা পরিবারের বছরের পর বছর কেটে যায়।
সবশেষে রোগী হয়তো সুস্থ হয়ে বাড়ি ফেরেন,
কিন্তু সেই ঋণের জাল থেকে পরিবারটা অনেক ক্ষেত্রে আর বের হতে পারে না।
মানসিক চাপ:
অদৃশ্য কিন্তু গভীর ক্ষতি
অর্থনৈতিক চাপের সাথে নেমে আসে মানসিক চাপ।
- উদ্বেগ।
- হতাশা।
- ভয়।
- অনিশ্চয়তা।
একটা পরিবার শুধু আর্থিকভাবে নয়, মানসিকভাবেও ভেঙে পড়তে শুরু করে।
কেন এই পরিস্থিতি?
আমাদের সিস্টেমের খামতি
এই চরম সংকটের পেছনে কিছু সাধারন কারণ আছে:
সরকারি চিকিৎসা:
১. হাসপাতালের ভিড়:
সরকারি হাসপাতালে ভালো চিকিৎসা পেতে অনেক সময় দেরি হয়ে যায়, বেগ পেতে হয়।
ফলে বাধ্য হয়ে সাধারণ মানুষ চড়া দামের, ব্যবসায়িক প্রাইভেট হাসপাতালে গিয়ে হাড়িকাঠে গলা দেওয়ার মত স্বেচ্ছায় গিয়ে ওঠে।
২. যেখানে চড়া মূল্য দিয়ে
জীবন কিনতে হয়:
বেসরকারি হাসপাতালগুলোতে উন্নত প্রযুক্তি এবং আধুনিক পরিষেবা থাকলেও,
তার খরচ আজ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।
একটা সাধারণ অপারেশন হোক বা কয়েকদিনের আইসিইউ (ICU) ভর্তি—
বিল এমন এক পর্যায়ে পৌঁছে যায় যেখানে চিকিৎসা আর পাঁচটা সাধারণ পরিষেবার মতো থাকে না;
বরং তা একপ্রকার বিলাসবহুল পণ্যে পরিণত হয়।

সবচেয়ে বড় বিড়ম্বনা হল, অনেক ক্ষেত্রে রোগীর পরিবার সঠিক চিকিৎসা পদ্ধতি বেছে নেওয়ার সুযোগ পায় না।
তার বদলে “আমাদের পক্ষে কতটা খরচ বহন করা সম্ভব”—
এই কঠিন হিসেব কষেই তাঁদের চিকিৎসার সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়।
যখন পকেটের সামর্থ্য চিকিৎসার মানের চেয়ে বড় হয়ে দাঁড়ায়,
তখন সুস্থ হওয়াটা অধিকারের বদলে কেবল টাকার জোরে কেনা একটা সুযোগে পরিণত হয়।
৩. স্বাস্থ্য বিমার সীমিত ব্যবহার:
ভারতে এখনও একটা বিশাল অংশের মানুষ স্বাস্থ্য বীমা বা হেলথ ইন্সুরেন্সের আওতার বাইরে।
অনেকের কাছে বীমা মানেই ‘অহেতুক বাড়তি খরচ।’
ফলে যখনই কোনো বড় অসুখ হানা দেয়, তখন কোনো ঢাল থাকে না।
সমস্ত খরচ সরাসরি নিজের পকেট থেকে দিতে হয়।
এই প্রস্তুতির অভাবই একটা পরিবারকে কয়েকদিনে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তে নামিয়ে আনে।
৪. সচেতনতা ও প্রতিরোধের অভাব:
অনেক ক্ষেত্রে মানুষ অসুখকে শুরুতে গুরুত্ব দেয় না।
অথবা খরচের ভয়ে চিকিৎসা পিছিয়ে দেয়।
অর্থাৎ শরীর খারাপ না হওয়া পর্যন্ত আমরা সচরাচর ডাক্তারের কাছে যাই না।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বা ‘প্রিভেন্টিভ চেকআপ’— এর চল আমাদের দেশে খুবই কম।
ফলে রোগ যখন গুরুতর অবস্থায় পৌঁছায়, তখন চিকিৎসার খরচ এবং সময় সাধারণের সাধ্যের বাইরে চলে যায়।
আর এই দেরিই অনেক সময় একটা পরিমাপযোগ্য সমস্যাকে বড় আর্থিক বিপর্যয়ে পরিণত করে।
নীতি নির্ধারণ ও
কর্পোরেট প্রভাব:
একটা অদৃশ্য সমীকরণ
এই জায়গায় একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উঠে আসে—
(দেখুন) বেসরকারি হাসপাতালগুলোর খরচ এত বেশি কেন?
আর এর ওপর কড়া নিয়ন্ত্রণ কেন দেখা যায় না?
বড় বড় বেসরকারি হাসপাতালগুলো আজ স্বাস্থ্যখাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তারা উন্নত চিকিৎসা দিচ্ছে, অনেক মানুষের কর্মসংস্থানও তৈরি হয়েছে।
কিন্তু এর পাশাপাশি কিছু প্রশ্ন থেকেই যায়।
( দেখুন+শুনুন: বেসরকারি হাসপাতালের বাস্তব সেই ভয়াবহ কাহিনি। )
( দেখুন+শুনুন: বেসরকারি হাসপাতালের বাস্তব সেই ভয়ঙ্কর কাহিনি। )
নীতির উপর প্রভাব:
অনেক সময় দেখা যায় এই বড় হাসপাতাল গোষ্ঠীগুলো বিভিন্ন সরকারি প্রকল্পে যুক্ত থাকে বা অনুদান দেয়।
ফলে সাধারণ মানুষের মনে প্রশ্ন ওঠে—
সিদ্ধান্ত নেওয়ার সময় তাদের প্রভাব কতটা থাকে?
নিয়ন্ত্রণের দুর্বলতা:
চিকিৎসার খরচ নিয়ন্ত্রণ করার জন্য আইন থাকলেও, সব জায়গায় সেই নিয়ম কঠোরভাবে মানা হয় না।
ফলে অনেক ক্ষেত্রে হাসপাতাল নিজের মত করে বিল ঠিক করার সুযোগ পায়।
সরকারের নির্ভরতা:
সরকারি হাসপাতালে সব সময় সব পরিষেবা পাওয়া যায় না।
তাই অনেক ক্ষেত্রেই সরকার বেসরকারি হাসপাতালের ওপর নির্ভর করে।
এই নির্ভরতার সুযোগে বেসরকারি খাত আরও শক্তিশালী হয়ে ওঠে।
এই সব মিলিয়ে একটা বিষয় স্পষ্ট —
সাধারণ মানুষের স্বার্থ সবসময় সবার আগে থাকছে কি না, সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
কারণ, যদি নীতি আর ব্যবসার মধ্যে দূরত্ব কমে যায়,
তাহলে চিকিৎসা ধীরে ধীরে সেবা থেকে ব্যবসার দিকে সরে যাবে।
সমাধান কি আদৌ আছে?
এই পদ্ধতিগত সমস্যার সমাধান কেবল ব্যক্তিগত পর্যায়ে সম্ভব নয়।
এর জন্য প্রয়োজন সামাজিক ও রাষ্ট্রীয় উদ্যোগ:
সরকারি চিকিৎসা:
পরিকাঠামো উন্নয়ন
সরকারি হাসপাতালগুলোতে বেড সংখ্যা বাড়ানো এবং অত্যাধুনিক প্রযুক্তির সহজলভ্যতা নিশ্চিত করা,
যাতে সাধারণ মানুষকে বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে দৌড়াতে না হয়।
জেনারিক ওষুধের প্রসার:
সাধারণ মানুষের কাছে সুলভ মূল্যে (জেনে নিন) জেনেরিক ওষুধ পৌঁছে দেওয়া এবং ডাক্তারদের সেই ওষুধ প্রেসক্রাইব করার ব্যাপারে উৎসাহিত করা।
বিমার আওতা বাড়ানো:
প্রতিটা পরিবারের জন্য ন্যূনতম স্বাস্থ্যবিমা বাধ্যতামূলক করা এবং এর গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করা।
একটা নীরব সংকট,
যা আর উপেক্ষা করার নয়:
এই পরিস্থিতি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়—
এটা দীর্ঘকাল ধরে জমে ওঠা এক নীরব সংকট।
একটা অসুখ যখন কেবল রোগীকে সাময়িক বিপদে ফেলে না,
বরং একটা পরিবারের সঞ্চয় নিরাপত্তা এবং ভবিষ্যতের ভিত্তি নাড়িয়ে দেয়,
তখন সেই স্বাস্থ্যব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
আজকে রূঢ় বাস্তবতা হল—
মানুষ অসুখকে যতটা না ভয় পায়, তার চেয়ে বেশি ভয় পায় অসুখের খরচকে।
চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে একটা পরিবার শুধু জমানো অর্থ হারায় না,
বরং তাঁদের মানসিক স্থিতিশীলতা, আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষমতাও হারিয়ে ফেলে।
এই আর্থিক চাপ কেবল একটা পরিবারকে নয়,
বরং দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত মধ্যবিত্ত শ্রেণীকে ক্রমশ দুর্বল করে দেয়।
যখন একটা বিশাল জনগোষ্ঠী বারবার এমন অর্থনৈতিক আঘাতের মুখে পড়ে,
তখন তার নেতিবাচক প্রভাব পড়ে জাতীয় সঞ্চয় এবং সামগ্রিক অর্থনৈতিক গতিশীলতার উপর।
অন্যদিকে খরচের ভয় যখন মানুষ চিকিৎসা এড়িয়ে যায় বা পিছিয়ে দেয়,
তখন সেই সমস্যা আর ব্যক্তিগত থাকে না— তা এক ভয়াবহ জনস্বাস্থ্য ঝুঁকিতে পরিণত হয়।
অর্থাৎ, এই সংকট একাধারে মানবিক, সামাজিক ও নীতিগত।
( সবশেষে একটা বড় প্রশ্নচিহ্নের সামনে আমরা এসে দাঁড়াই—
যাদের পকেটে লাখ টাকা নেই,
সেই সাধারণ বা গরিব মানুষগুলো কি তবে এভাবেই লড়ে যাবে?
আরও পড়ুন সেই বাস্তব চোখ খুলে দেওয়ার মত ঘটনা, যা আপনার এখনই জেনে রাখা অত্যন্ত জরুরি।
জানুন ভেতরের সেই আসল গল্প।
Click: ভারতের সরকারি হাসপাতাল: ভেতরে কী ঘটে জানলে চমকে উঠবেন! )
কিছু জরুরি ও সরাসরি প্রশ্ন:
কার দায়, কার মুক্তি?
এই সংকটের মূলে যে বিশালাকার ব্যবধান রয়েছে, তাকে ঘিরে আজ কিছু প্রশ্ন তোলা একান্ত প্রয়োজন:
- চিকিৎসা কি সেবা নাকি শৌখিন পণ্য?
- যে দেশে কোটি কোটি মানুষের আয় সীমাবদ্ধ,
সেখানে একটা জীবনদায়ী অস্ত্রোপচার বা কয়েকদিনের আইসিইউ বিল কেন একটা পরিবারের কয়েক বছরের আয়ের সমান হবে? - চিকিৎসা কি তবে কেবল সামর্থ্যবানদের জন্য সংরক্ষিত কোনো বিলাসবহুল পণ্য?
মুনাফার সীমা
কোথায় শেষ হয়?
- কর্পোরেট হাসপাতালগুলোর অত্যাধুনিক প্রযুক্তির খরচ নিশ্চয়ই আছে,
কিন্তু সেই প্রযুক্তির দোহাই দিয়ে সেবাকে কি শোষণের পর্যায়ে নিয়ে যাওয়া যায়? - একটা সুস্থ সমাজকে কি কেবল হাসপাতালের ব্যালেন্সশিটের ওপর দাঁড়িয়ে তৈরি হতে পারে?
নীতিনির্ধারণ কি কেবল
পরিসংখ্যানের জন্য?
- কাগজে-কলমে স্বাস্থ্য বাজেট বা বীমা প্রকল্পের সংখ্যা বাড়ছে ঠিকই,
কিন্তু বাস্তবে কেন আজও একজন সাধারন মানুষকে হাসপাতালের বিল মেটাতে শেষ সম্বল জমি বা গয়না বিক্রি করতে হয়? - এই ব্যবস্থার ছিদ্রগুলো কি তবে কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্যই খোলা রাখা হয়েছে?
- কেন সাধারণ মানুষ সরকারি চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা হারিয়ে চড়া দামের হাসপাতালের দিকে ছুটতে বাধ্য হয়?
- সরকারি পরিকাঠামোকে কেন এতটাই অবহেলিত রাখা হয়েছে,
যাতে সাধারণ মানুষ নিরুপায় হয়ে বেসরকারি প্রতিষ্ঠানের হাড়িকাঠে স্বেচ্ছায় গলা দিতে বাধ্য হয়?
বিমা কি রক্ষার বর্ম
না কি জটিলতার বেড়াজাল?
- যেসব স্বাস্থ্য বীমা আজ বাজারে আছে, কেন তার প্রিমিয়াম বা শর্তাবলি সাধারণ মানুষের বোঝার বাইরে?
- কেন জরুরী সময়ে ‘ক্যাশলেস’ সুবিধা বা ক্লেইম পেতে মানুষকে হাসপাতালের কাউন্টারে চোখের জল ফেলতে হয়?
- ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ব্যক্তিগত স্বাস্থ্যবিমা ও জীবনবিমার প্রিমিয়ামের ওপর থেকে ১৮% জিএসটি সরিয়ে ০% করা হয়েছে, যা সাধারণ মানুষের জন্য এক বড় স্বস্তির খবর,
কিন্তু প্রতিবছর হাসপাতালের খরচ যে হারে বাড়ছে, তার দোহাই দিয়ে বিমা কোম্পানিগুলো কি তাদের বেসিক প্রিমিয়াম বাড়িয়ে দিচ্ছে না? - ফলে ট্যাক্স ছাড়ের এই সুবিধা কি সাধারণ মানুষের পকেটে আদৌ পৌঁছাচ্ছে, না কি তা কোম্পানির মুনাফায় চলে যাচ্ছে?
( এমারজেন্সিতে সরকারি বা বেসরকারি
কোনো হাসপাতাল আপনাকে বা আপনার পরিবারের কাউকে চিকিৎসা বা জরুরী পরিষেবা
দিতে যদি অস্বীকার করে, তখন মুহূর্তের মধ্যে জীবন বিপন্ন হয়ে উঠতে পারে।
এই পরিস্থিতিতে আইন কি বলে?
আইন কিভাবে আপনার পাশে এসে দাঁড়াবে?
জীবনের ব্যস্ততা, দুশ্চিন্তা আর অজানা আশঙ্কার ভিড়ে
আমরা অনেক সময় এমন কিছু গুরুত্বপূর্ণ অধিকার ভুলে যাই,
যেগুলোর সুবিধা আমাদের হাতের কাছেই থাকে।
কিন্তু এই না জেনে নেওয়ার কারণে আমরা অনেক ক্ষেত্রে প্রতারিত হই,
ঠকে যাই এমনকি ভয়ঙ্কর বিপদে পড়ে যেতেই পারি, তাই দেরি না করে নিজেদের সুবিধার্থে এখনই জেনে রাখুন।
কে জানে, কখন, কী পরিস্থিতির শিকার হতে হয়?
পড়ুন– Click: Healthcare Hospital: জরুরী চিকিৎসা অস্বীকার করলে কি করবেন? )
লুকানো খরচ:
প্রিমিয়ামের ওপর ট্যাক্স ছাড় থাকলেও, অনেক সময় দেখা যায় ‘কো-পেমেন্ট’ বা ‘রুম রেন্ট লিমিট’—
এর মত মারপ্যাঁচে হাসপাতালের বিলের একটা বড় অংশ শেষ পর্যন্ত সেই পকেট থেকেই দিতে হচ্ছে।
চিকিৎসা না অর্থনৈতিক ফাঁদ?
একটা অসুখ কেবল একজন মানুষের শরীরকে জীর্ণ করে না,
বরং একটা আস্ত পরিবারের স্বপ্ন ভবিষ্যৎ আর বেঁচে থাকার রসদটুকুও কেড়ে নেয়।
আধুনিক চিকিৎসাবিজ্ঞান ও জনস্বাস্থ্যব্যবস্থার উন্নতির ফলে মানুষের গড় আয়ু বেড়েছে ঠিকই,
কিন্তু সেই বাড়তি আয়ুটুকু কি কেবল ঋণের বোঝা আর দারিদ্র্যের সাথে লড়াই করেই কাটবে?
প্রশ্নটা তাই অত্যন্ত জরুরি—
চিকিৎসা কি আমাদের প্রাণ বাঁচাচ্ছে, নাকি ধীরে ধীরে আমাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে?
সুস্থ হওয়ার অধিকার যেন কেবল টাকার জোরে কেনা কোনো বিলাসিতা না হয়ে দাঁড়ায়।

রাষ্ট্র এবং সমাজকে আজ সংকল্পবদ্ধ হতে হবে,
যাতে কোনো বাবাকে তাঁর সন্তানের পড়াশোনা বন্ধ করে বা কোনো সন্তানকে তাঁর মায়ের গয়না বিক্রি করে হাসপাতালের বিল মেটাতে না হয়।
সে সরকারি চিকিৎসা হোক বা বেসরকারি।
একটা দেশ তখনই প্রকৃত উন্নত হয়, যখন তার নাগরিকরা অসুখের ভয়ে নয়, বরং সুস্থ থাকার সাহসে বাঁচতে শেখে।
অন্যান্য গুরুত্বপূর্ণ:
( পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতাল—
সেখানে চিকিৎসা করতে যাওয়া আর ‘ট্রেজার হান্ট’ বা গুপ্তধন খুঁজতে যাওয়া একই ব্যাপার।
তফাত শুধু একটাই—
গুপ্তধন খুঁজতে গেলে ম্যাপ লাগে, আর এখানে লাগে একটা প্লাস্টিকের ফাইল আর অসীম ধৈর্য।
স্বাধীনতার পর থেকে ভারতে ১৪ জন ব্যক্তি দেশের দায়িত্ব পালন করেছেন।
আর পশ্চিমবঙ্গের ৮ জন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
কিন্তু দুর্ভাগ্যবশতঃ দাদু যে লাইনে সরকারি চিকিৎসা পেয়েছেন,
আজ নাতি বা নাতনিও সেই লাইনের বাইরে নেই।
এরপর পড়ুন সম্পূর্ণ লেখা, যাতে আপনার জন্য তুলে ধরেছি সেই মশলাদার বাস্তবতা,
যা সম্ভবত আপনি আগে কোথাও পড়েননি।
তাই এখুনি জেনে নিন।
পড়ুন– Click: পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতাল: দাদুর লাইনে আজও নাতি কেন? )
[ আরও এমনই বিভিন্ন দুর্দান্ত টপিকের ওপরে এরকমই সব
বিশ্লেষণধর্মী লেখা পেতে নিয়মিত আমাদের পেজে চোখ রাখুন।
এবং তা আপনার, আপনার প্রতিবেশি, বন্ধুবান্ধব, আত্মীয় তথা সমাজের জন্য।
এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানার অপেক্ষায় রইলাম।
লেখাটা অবশ্যই শেয়ার করে সমাজের অন্যদেরও পড়তে, জানতে সুযোগ করে দেবেন।
ইমেইল আইডি দিয়ে আমাদের বাঙালির পরিবারের একজন
প্রিয় মানুষ হয়ে উঠুন।
চলুন বাঙালিকে বিশ্বের দরবারে সবাই মিলে একসাথে বারবার তুলে ধরি
চিন্তা, চেতনা আর শব্দের শক্তিতে—
একসাথে, সবাই মিলে।
বিশ্ব জানুক—
আমাদের ভারত কি?
বাঙালি কি?
বাংলা শব্দের ক্ষমতাই বা কি? ]
Articlesবাংলা Bangla Articles, Quotes & Prose-Poetry / বাংলা প্রবন্ধ, উক্তি ও গদ্য-কবিতা।






