উন্নয়নের নামে আত্মঘাতী সিদ্ধান্ত:
রক্ষকই যখন ভক্ষক হয়ে সাধারণ মানুষ কিংবা প্রকৃতিকে শোষণ করে,
তখন বিষয়টা ঠিক কেমন লাগে বলুন তো?
আপনাদের উদ্দেশ্যেই লিখছি—
যারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন, যারা কলমের এক আঁচড়ে শত বছরের জীবন মুছে দেওয়ার অনুমতি দিয়েছিলেন,
যারা ভেবেছেন, কিছু গাছ কাটা বড় কথা নয়—
আপনাদেরকেই বলছি।
এটা শুধু একটা ফাইনাল নোটিং নয়; এটা একটা দায়।
নাসিকে আপনাদের নেওয়া সিদ্ধান্ত কয়েকদিনের ব্যবস্থাপনা সহজ করতে পারে,
কিন্তু কয়েক দশকের সমস্যার বীজ বপন করে দিলেন আপনারাই।
এই ধরনের সিদ্ধান্তের মাশুল শেষ পর্যন্ত গোটা সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকেই দিতে হবে— কেন?
কারণ একটা গাছ শুধু কাঠ নয়—
এটা সেই এলাকার তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, বাতাস পরিশুদ্ধ করে, জলধারণ ক্ষমতা বাড়ায়।
একটা পূর্ণবয়স্ক গাছ কেটে দিলে সেই ভারসাম্য ভেঙে যায়—
এলাকার তাপমাত্রা বাড়ে, মাটির আর্দ্রতা কমে, জলধারণ ক্ষমতা হ্রাস পায়।
যখন হাজার গাছ একসাথে হারিয়ে যায়, তখন সেটা আলাদা আলাদা ক্ষতি নয়—
এটা একটা চেইন রিঅ্যাকশন তৈরি করে।

- তাপমাত্রা বাড়ে।
- বৃষ্টির প্যাটার্ন বদলায়।
- জলের সংকট তৈরি হয়।
- জীবনযাত্রা কঠিন হয়ে ওঠে।
আর এই প্রভাব কোনও এক অঞ্চলে থেমে থাকে না—
এটা ছড়িয়ে পড়ে এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে, শেষ পর্যন্ত পুরো ব্যবস্থাকে প্রভাবিত করে।
সচেতন সিদ্ধান্ত, অনিবার্য বিপর্যয়:
এসব আপনারা জানতেন না?
নিশ্চয়ই জানতেন।
ডেটা, রিপোর্ট, সতর্কবার্তা—
সবই তো আপনাদের টেবিলেই ছিল।
তবু জেনে-বুঝে যখন এই কাজটা করা হয়, তখন সেটা ভুল নয়—
এটা একটা পরিকল্পিত অপরাধ।
আর ক্ষমতার অপপ্রয়োগ করে,
জোর করে এই সিদ্ধান্ত জনস্বার্থের বিরুদ্ধে নেওয়ার জন্যেই কি মানুষ আপনাদের আস্থা ও বিশ্বাসে ভোট দিয়েছিল?
আশায় বুক বেঁধেছিল?
স্বপ্ন দেখেছিল ভালো কিছু হওয়ার?
কুম্ভ মেলা আগে, না মানুষের জীবন—
সভ্যতা আগে, না সাময়িক আয়োজন?

- আপনারা জানতেন একটা গাছ কাটা মানে শুধু একটা গাছ কমে যাওয়া নয়—
তবু কেটেছিলেন। - জানেন, এর ফল সাধারণ মানুষ ভোগ করবে—
তবু সিদ্ধান্ত বদলাননি। - জানেন, এলাকা আরও গরম হবে—
তবু থামেন নি। - শুধু তাই নয়, আপনারা এও জানতেন এর প্রভাব শুধু ওই জায়গায় থামবে না—
পুরো নাসিকের তাপমাত্রা, জল ও পরিবেশের ওপর পড়বে—
তবুও সিদ্ধান্ত বদলাননি।
তাহলে এটাকে কী বলবো?
অবহেলা?
নাকি সুবিধাজনক নীরবতা?
আজ হয়তো সিদ্ধান্তটা সহজ— কাগজে সই, মাটি খালি, কাজ শুরু।
কিন্তু কাল যখন সেই মাটির তপ্ত হয়ে উঠবে।
যখন সেই মানুষগুলোরই বেঁচে থাকা কঠিন হবে, তখন এই প্রশ্নগুলোই কিন্তু আবার ফিরে আসবে আগুন হয়ে।
সে সময়ে উত্তর কিন্তু দিতে হবে আপনাদেরই, আর তা ইতিহাসের সামনে নির্লজ্জভাবে।
কারণ একটা বিষয় পরিষ্কার—
যে উন্নয়ন মানুষের ভবিষ্যৎ কেড়ে নেয়, সেটা উন্নয়ন নয়—
সেটা দায়, আর সেই দায় এড়ানো যায় না।

একদিকে বিশ্ব উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তনের গ্রাসে গোটা সভ্যতা ধ্বংসের মুখে।
চারিদিকে এত প্রতিবাদ, এত সতর্কতা অথচ প্রশাসনের কানে যেন সবটাই অরণ্যে রোদন।
যখন গ্লোবাল ওয়ার্মিং আমাদের দরজায় কড়া নাড়ছে,
তখন আপনারা উন্নয়নের দোহাই দিয়ে উপড়ে ফেলেছেন আমাদের বেঁচে থাকার শেষ রসদটুকু।
রক্ষকই যখন ভক্ষক:
ঘটনাটা ঠিক কী?
মহারাষ্ট্রের নাসিকের (দেখুন) তপোবন এলাকায় ১,৮০০-রও বেশি গাছ কাটার এই পৈশাচিক পরিকল্পনা ও গণনিধনকে ঘিরে তৈরি হয়েছিল তীব্র ক্ষোভ ও জনরোষ।
গাছ কাটার প্রক্রিয়া শুরু করে কয়েক মাসের মধ্যেই বহু জায়গায় গাছ কেটে ফেলা হয়েছে—
এমন অভিযোগ ওঠে, এবং বিষয়টা আদালত পর্যন্ত গড়ায়।
এটা স্রেফ কোনও সংখ্যা নয়, এটা ছিল সভ্যতার একটা আত্মঘাতী পদক্ষেপ।
এই গাছগুলোর মধ্যে এমন অনেক বটগাছ ছিল, যাদের বয়স ১০০ থেকে ১৫০ বছর।
- দেড় শতাব্দী ধরে যারা নিঃশব্দে আমাদের অক্সিজেন দিয়েছে।
- তপ্ত দুপুরে আমাদের শীতল ছায়া দিয়েছে।
- মাটির ক্ষয় রোধ করে প্রকৃতিকে রক্ষা করেছে।
- শত শত পশুপাখির নিরাপদ আশ্রয় জুগিয়েছে।
- আমাদের বিষাক্ত নিঃশ্বাস শুষে নিয়ে পৃথিবীতে বাসযোগ্য করে রেখেছে।
- আজ তাদেরই ব্যবস্থাপনার নামে নির্দ্বিধায় সমূলে হত্যা করা হয়েছে।
এমনকি তীব্র দুঃখ-যন্ত্রণা থেকে যাঁরা এই নিধনের প্রতিবাদ করতে গিয়েছিলেন,
তাঁদেরও কোনও তোয়াক্কা করা হয়নি।
পুলিশ দিয়ে আন্দোলনকারীদের বলপূর্বক সরিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ সামনে এসেছে।
প্রতিবাদকারীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে আইনি পদক্ষেপ।
প্রশাসনের কঠোর মনোভাবের সামনে সাধারণ মানুষের আকুল আবেদন আর চোখের জল—
সবই আজ তুচ্ছ হয়ে গেছে।

এক বুক হাহাকার নিয়ে দাঁড়িয়ে থাকা পরিবেশপ্রেমী ও সাধারণ মানুষের কণ্ঠ রোধ করে শেষ পর্যন্ত
জয় হয়েছে যান্ত্রিক আস্ফালন আর প্রাণহীন কংক্রিটের।
যাঁরা এই ধ্বংসলীলার নেপথ্যে ছিলেন, তাঁদের বিবেককে আমরা আজ কাঠগড়ায় দাঁড় করাচ্ছি:
সমস্যাটা কোথায়?
১. অস্থায়ী ব্যবহারের জন্য স্থায়ী ক্ষতি
কুম্ভমেলা কয়েক সপ্তাহ বা মাসের অনুষ্ঠান।
কিন্তু একটা পূর্ণবয়স্ক গাছ:
- ৩০ থেকে ১০০ বছর ধরে তৈরি হয়।
- শহরের বা সেই অঞ্চলের মাইক্রোক্লাইমেট নিয়ন্ত্রণ করে।
- কাটা হলে সেই ইকোসিস্টেম ভেঙে যায়।
সময়ের অসামঞ্জস্য:
স্বল্পমেয়াদি লাভ বনাম দীর্ঘমেয়াদি ক্ষতি।
২. আরবান হিট আইল্যান্ড প্রভাব বৃদ্ধি:
গাছ কেটে দিলে:
- মাটির ওপর সরাসরি সূর্যের তাপ পড়ে।
- কংক্রিট ও রাস্তা সেই তাপ ধরে রাখে।
- রাতেও তাপমাত্রা কমে না।
ফলে:
- তাপপ্রবাহের মৃত্যুর ঝুঁকি বাড়ে।
- বিদ্যুৎ খরচ (AC, Fan) বাড়ে।
- ফলে গ্রিডের ওপর চাপ বাড়ে।
- নিম্নবিত্ত মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
৩. পরিকল্পনার ব্যর্থতা:
একটা বড় প্রশ্ন:
কেন এমন জায়গা বেছে নেওয়া হয়েছিল, যেখানে এত গাছ কাটতে হয়?
এর মানে দুটো হতে পারে—
পরিকল্পনায় চরম অদূরদর্শিতা।
অথবা গাছ কাটাকে সবচেয়ে “সস্তা” ও “শ্রমহীন” পথ হিসেবে বেছে নিয়েছিলেন।
দুটোই আপনাদের চরম প্রশাসনিক দেউলিয়াপনার প্রমাণ।
৪. ধর্ম বনাম পরিবেশ:
একটা কৃত্রিম দ্বন্দ্ব
এই ইস্যুকে অনেক সময় এমনভাবে দেখানো হয় যেন:
“ধর্মীয় আয়োজন” বনাম “পরিবেশ।”
এটা ভুল।
কারণ—
ধর্মীয় অনুষ্ঠান করা সম্ভব।
আবার পরিবেশও বাঁচানো সম্ভব।
সমস্যা “আয়োজন” নয়, সমস্যা “কিভাবে আয়োজন করা হচ্ছে।”
যাঁরা এই সিদ্ধান্ত নিয়েছিলেন, তাঁদের উদ্দেশ্যে সরাসরি প্রশ্ন:
- ১. আপনারা কি Environmental Impact Assessment (EIA) পূর্ণভাবে করেছিলেন?
- ২. Tree Transplantation (গাছ সরিয়ে অন্যত্র বসানো) অপশন কতটা ব্যবহার হয়েছিল?
- ৩. Alternative Site Analysis হয়েছিল কি?
অন্য জায়গায় কম ক্ষতিতে আয়োজন করা যেত কি না—
তা কি যাচাই হয়েছিল? - ৪. Post-event Restoration Plan কী?
কতগুলো গাছ লাগানো হবে, কিভাবে বাঁচানো হবে—
এর কোনও বাধ্যতামূলক পরিকল্পনা ছিল?
সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য:
১০০ টা নতুন গাছ লাগিয়ে ১০০ টা পুরনো গাছের ক্ষতিপূরণ হয় না।
কারণ— নতুন গাছ ১০ থেকে ২০ বছর কার্যকর হয় না।
পুরনো গাছের বাস্তুসংস্থানগত মূল্য (Ecological Value) অনেক বেশি।
রক্ষকই যখন ভক্ষক:
ধর্মের নামে অধর্ম
প্রকৃতিকে রক্তাক্ত করে কীসের পুণ্য?
আপনারা কুম্ভমেলার আয়োজন করছিলেন পুণ্য অর্জনের জন্য।
কিন্তু যে প্রকৃতির কোলে এই আধ্যাত্মিকতার জন্ম, তাকেই (দেখুন) শেষ করে আপনারা কোন স্বর্গ লাভ করবেন?
রাস্তা চওড়া করছিলেন, পার্কিং লট বানাচ্ছিলেন—
কিন্তু কয়েক বছর পর যখন তাপমাত্রা আরও বিপজ্জনকভাবে বাড়বে,
যখন নিঃশ্বাস নেওয়ার মতো নির্মল বাতাসটুকু আর থাকবে না,
তখন সেই চওড়া পিচের রাস্তায় দাঁড়িয়ে আপনারা কি শান্তির নিঃশ্বাস নিতে পারবেন?
ক্ষমা করতে পারবেন নিজেদের?
তাপের বাস্তব,
অস্বীকারের সিদ্ধান্ত:
পরিসংখ্যান বলছে, পৃথিবীর সবচেয়ে গরম শহরগুলোর বড় অংশ এখন ভারতের মধ্যেই।
গরমের তীব্রতায় যখন মানুষের নাভিশ্বাস উঠছে, তখন আপনারা বেছে বেছে সেই প্রাচীন ছায়াগুলোকেই সরিয়ে দিয়েছিলেন, তাও ঠিক এই সংকটময় অবস্থায় দাঁড়িয়ে।
কী, না কুম্ভমেলায় পুণ্য অর্জন করবেন।
১৫০ বছরের একটা গাছ মানে শুধু কাঠ নয়, আপনারা (দেখুন) ধ্বংস করেছেন একটা আস্ত বাস্তুতন্ত্র।
১০০০ টা নতুন চারাগাছ রোপণ করলেও একটা শতবর্ষী বটগাছের সমান বাস্তুতান্ত্রিক মূল্য ফিরে পাওয়া যায়?
আপনারা সেটা জানতেন না?
এটা বিজ্ঞান, কোনও আবেগের কথা নয়।
প্রকৃতির কাছে ক্ষমা পাবেন তো?
প্রকৃতিপ্রেমী ও সাধারণ মানুষের ওপরে বলপ্রয়োগ করলেও, প্রকৃতির কাছে ক্ষমা পাবেন তো?
আজ আপনারা যে শীতল ছায়া নির্দয় হয়ে কেড়ে নিলেন,
কাল সেই রোদের আগুন আপনাদের উত্তরসূরিদেরই পুড়িয়ে মারবে, আর এটাই প্রকৃতির অনিবার্য প্রতিক্রিয়া।
উন্নয়নের এই যূপকাষ্ঠে প্রকৃতিকে বলি দিয়ে আপনারা আসলে নিজেদের ভবিষ্যতকেই ধাক্কা মেরে
অন্ধকারের দিকে ঠেলে দিলেন।
রক্ষকই যখন ভক্ষক:
সবচেয়ে বীভৎস সত্য হলো—
যাঁদের কাঁধে ছিল এই ধরিত্রীকে আগলে রাখার দায়িত্ব, আজ তাঁরাই কসাইয়ের ভূমিকা নিয়েছেন।
যে প্রশাসনকে আমরা প্রকৃতির অভিভাবক ভাবতাম,
আজ তাদেরই নির্দেশে ১৫০ বছরের ইতিহাসকে নিঃসংকোচে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হল।
মনে রাখবেন আপনারা শুধু গাছ কাটেননি, আপনারা হত্যা করেছেন মানুষের ভরসা,
আর প্রকৃতির ফুসফুস।
অন্যান্য গুরুত্বপূর্ণ:
( এতক্ষণ যে আর্টিকেলটা পড়লেন, জানেন এর সাথে এখন যেটা পড়তে চলেছেন—
এর কেমন ঘনিষ্ঠ সম্পর্ক?
কোন ভয়াবহ জায়গায় দাঁড়িয়ে আছি আমরা জানেন?
সেখানে স্বয়ং প্রশাসন কীভাবে এই পদক্ষেপ নিতে গেছিলেন?
যাইহোক, জেনে নিন সেই ভয়ঙ্কর বাস্তবতা, যা আপনার জেনে নেওয়াটা এখুনি জরুরি,
কেন?
কী এমন আছে এর মধ্যে লুকিয়ে?
পড়লে নিজেই বুঝে যাবেন।
পড়ুন: জলবায়ু পরিবর্তনের অশনি সংকেত– রাজনীতি আর ধর্ম বাঁচাবে তো? )
একটা বিশেষ নিবেদন:
[ আপনাদের অকুণ্ঠ ভালোবাসাই Articlesবাংলা-র পথ চলার আসল এবং একমাত্র পাথেয়।
কেন আমাদের সাথে পথ চলবেন?
আমাদের লক্ষ্য
যৌথ অগ্রযাত্রা
আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাঁদেরও পড়তে, জানতে একটা সুযোগ করে দিন।
সরাসরি সবার আগে তা পৌঁছে যাবে আপনার ইনবক্সে।
আমাদের অঙ্গীকার
বাঙালি জাতি যুগে যুগে তাঁর দেশ তথা পৃথিবীকে কীভাবে ঋদ্ধ ও সমৃদ্ধ করেছে।
ধন্যবাদ! ]
Articlesবাংলা Bangla Articles, Quotes & Prose-Poetry / বাংলা প্রবন্ধ, উক্তি ও গদ্য-কবিতা।




