মগজে রাজনীতি, দরজায় দুর্যোগ:
( জলবায়ু পরিবর্তন আজ এক অশনি সংকেতরূপে আমাদের দিকে ওৎ পেতে বসে আছে, শুধু সময়ের অপেক্ষা। )
কিছু নেশা আমরা নিজের ইচ্ছায় কিনে নিই—
ধূমপান, মদ বা অন্যান্য আসক্তি।
কিন্তু কিছু নেশা বাজারে মেলে না—
সেগুলো স্লো পয়েজনের মতোই ধীরে ধীরে আমাদের মগজ দখল করে নেয়।
এতটাই নিঃশব্দে, যে একসময় আমরা নেশাগ্রস্ত হয়েও ভাবি—
“আমরা একদম ঠিক আছি, বরং যে এ কথা বলে, সে পাগল!”
বর্তমান সময়ে ধর্ম আর রাজনীতি শুধু মতাদর্শ নয়—
এগুলো এক ধরণের সংক্রামক নেশা,
যা অদৃশ্যভাবে সাধারণ মানুষের মগজে ছড়িয়ে পড়ে,
আর সুযোগ পেলেই প্রকট হয়ে ওঠে।
একসময় সেই নেশা এমন এক তীব্রতায় পৌঁছায়,
যেখানে আমরা বুঝতেই পারি না—
আমরা আর ভাবছি না, আমাদের ভাবানো হচ্ছে।
আর সেই অনিয়ন্ত্রিত ভাবনার বিষ ছড়িয়ে পড়ছে সমাজের আনাচে-কানাচে।
মানুষ মানুষকে মারছে, কাটছে।
ঘরবাড়ি, দোকানপাট, স্থাবর-অস্থাবর জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিচ্ছে।
একই পরিবার, প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধুদের মধ্যে ছড়িয়ে পড়ছে বিভেদের বিষ।
পরিচয় আর মতের নামে, মানুষ ধীরে ধীরে মানুষ হওয়াটাই ভুলে যাচ্ছে—
যা গোটা মানবসভ্যতা ধ্বংসের এক শুরু।
বিভাজনের সর্বগ্রাসী বিস্তার:
প্রতিদিনের নিউজ হেডলাইন থেকে শুরু করে চায়ের কাপের আড্ডা—
ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ঘরে, বাইরে—
সবই এখন মন্দির-মসজিদ কিংবা ভোটের সমীকরণে বন্দি।
অথচ এই গোলকধাঁধায় আটকে থেকে আমরা ভুলেই গেছি যে,
প্রকৃতির কোনও ধর্ম নেই, নেই কোনও রাজনৈতিক দল।
আমাদের এই অন্ধ আবেগের সুযোগ নিয়ে চোখের সামনে দিয়ে নিঃশব্দে উড়ে বেরিয়ে যাচ্ছে
জীবনের অস্তিত্ব রক্ষার মতো অতি গুরুত্বপূর্ণ এবং আসন্ন বিপদের বিষয়গুলো।
সামাজিক বিভাজন নিয়ে লড়াই করতে করতে আমরা খেয়ালই করছি না যে,
আমাদের পায়ের তলার মাটি ক্রমশ দগ্ধ হয়ে উঠছে এবং আকাশ থেকে ধেয়ে আসছে এক ভয়াবহ অগ্নিকুণ্ড।
ধর্ম ও রাজনীতি হয়তো সাময়িকভাবে আমাদের পরিচয় দেয়,
কিন্তু আসন্ন এই প্রাকৃতিক বিপর্যয় আমাদের অস্তিত্বকে মুছে দেওয়ার ক্ষমতা রাখে।
আর এই উদাসীনতার ভিড়ে সবচেয়ে বড় যে বিপদটা আজ আমাদের দরজায় কড়া নাড়ছে,
তা হল ভারতের এই ভয়াবহ এবং নজিরবিহীন চরম উত্তাপ।
অস্তিত্বের অসম লড়াই:
“রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায়!”—
ইতিহাসের এই অমোঘ সত্য সেদিনও ছিল, আজও আছে,
আর হয়তো ভবিষ্যতেও মহাকালের পাতায় খোদাই করা থাকবে।
ক্ষমতার লড়াই, রাজনীতির দাবার চাল আর ধর্মের উন্মাদনা—
এসব উচ্চবিত্ত বা উচ্চাসনের মানুষদের জন্য হয়তো এক ধরনের বিলাসিতা,
কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের জন্য বিপদটা আজ ঠিক পায়ের তলায়।

খবরের কাগজের পাতায় যখন জলবায়ু পরিবর্তন রক্তচক্ষু দেখায়,
তখন আমাদের পিঠ দেওয়ালে ঠেকে যায়।
কারণ বিপদ বুঝলে আমরা চাইলেই ডানায় ভর করে সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালায়
বা প্যারিসের শীতল ক্যাফেতে উড়ে যেতে পারবো না।
আমাদের সুইস ব্যাঙ্কেও টাকাদের প্রজনন হয় না,
যা দিয়ে আমরা আসন্ন দহন থেকে নিজেদের মুক্তি কিনে নেব—
জমে শুধু অনিশ্চয়তা, আর বেঁচে থাকার হিসেব।
নিরাপত্তা কিনে নেওয়ার মতো কোনও নির্জন দ্বীপও আমাদের নাগালের বাইরে।
আমাদের লড়াইটা এই ধুলো-বালি-ঘামের চেনা গলিতেই,
যেখানে এক ফোঁটা বৃষ্টির জন্য চাতকের মতো চেয়ে থাকতে হয়।
ঠিক সেই একই লাইনে দাঁড়িয়ে আমাদের লড়তে হয় এক মুঠো অস্তিত্বের জন্য।
আমাদের জীবনটা কোনও গ্ল্যামারাস সিনেমার চিত্রনাট্য নয়, বরং এক অন্তহীন ‘ক্রাইসিস।’
বিপদ আমাদের ছায়ার মতো অনুসরণ করে।
প্রাত্যহিক সংকটের নির্মম মুখ:
আমাদের সেই চেনা দৃশ্যগুলো একবার ভাবুন—
যেখানে সরকারি হাসপাতালের বারান্দায়,
ধুলোবালি আর দুর্গন্ধের মাঝে একটা চাদর পেতে পরিবারের প্রিয় মানুষটার সুস্থ হওয়ার অপেক্ষায়
রাত কাটাতে হয়।
ভেতরে ডাক্তার নেই, বাইরে ওষুধের দীর্ঘ লাইন,
আর পকেটে নেই বেসরকারি চিকিৎসার নাগালের মতো অর্থ।
অসুস্থ শরীরটা নিয়ে লড়াই করার আগেই আমাদের লড়াই করতে হয় এক জরাজীর্ণ ব্যবস্থার সাথে।
আবার অন্যদিকে আমাদের ঘরের সন্তানরা যখন অ-আ-ক-খ শিখতে যায়,
তখন তাদের সামনে কোনও ডিজিটাল ক্লাসরুম থাকে না।
সরকারি স্কুলের সেই পলেস্তারা ঘষা দেওয়াল,
ভাঙাচোরা ব্ল্যাকবোর্ড আর বৃষ্টির দিনে ছাদ দিয়ে জল পড়া বারান্দাটা হয়তো বাইরে থেকে
রঙ মেখে চকচকে হয়েছে, কিন্তু ভেতরের কঙ্কালসার চেহারাটা তাতে ঢাকা পড়ে না।
জীর্ণ এই শিক্ষাব্যবস্থার সাথে রীতিমতন যুদ্ধ করে,
অভাবকে সঙ্গী করে সাধারণ মানুষের ছেলেমেয়েরা যখন ভবিষ্যতের স্বপ্ন দেখে,
তখন সেই স্বপ্নগুলোকেও যেন এই অসহ্য গরম আর অবহেলা পুড়িয়ে ছারখার করে দিতে চায়।
আসলে আমরা সেই দলেই পড়ি, যাদের কাছে বেঁচে থাকা মানেই হল
প্রতিদিন এক নতুন প্রতিকূলতাকে হারানো।
তাই যখন আকাশ থেকে আগুনের হল্কা নামে,
তখন আমাদের কাছে সেটা শুধু একটা আবহাওয়া সংবাদ নয়—
সেটা হল আমাদের জীর্ণ ঘরে বেঁচে থাকার লড়াইটাকে আরও কয়েক গুণ কঠিন করে তোলা
এক চরম অভিশাপ!
জ্বলন্ত ভারত:
এক আগ্নেয় ভবিষ্যতের হাতছানি!
মৌসুমী বায়ুর দেশ হিসেবে পরিচিত ভারতবর্ষ কি তবে ধীরে ধীরে এক (দেখুন) আগ্নেয়কুণ্ডে পরিণত হচ্ছে?
জলবায়ু পরিবর্তন আজ এক অভিশাপ হয়ে আমাদের সভ্যতায় নিঃশব্দে দাঁড়িয়ে আছে।
যে গরম একসময় ছিল ঋতুচক্রের অংশ,
২০২৬-এ এসে তা পরিণত হয়েছে এক ভয়াবহ জলবায়ু “টাইম-বোমে।”
পিচগলা রাস্তা, শুকিয়ে যাওয়া নদী আর তৃষ্ণার্ত জনপদ—
এগুলো কেবল প্রকৃতির খামখেয়ালি নয় বরং এক দীর্ঘস্থায়ী বিপদের নীল নকশা।

আমরা নিশ্চয়ই জানি যে ভারতের এই ক্রমবর্ধমান পারদ কেবল এসির তাপমাত্রা কমিয়ে ঠেকানো যাবে না,
যে ভয়াবহ আগামীর দিকে আমরা এগোচ্ছি, তার রূপরেখা চেনাটা এখন অস্তিত্ব রক্ষার লড়াই।
ভারতের গ্রীষ্ম এখন আর শুধু মৌসুম নয়—
এটা ধীরে ধীরে ও নিঃশব্দে একটা দীর্ঘস্থায়ী জলবায়ু সংকটে পরিণত হচ্ছে।
যে তাপমাত্রা এক সময় ‘অস্বাভাবিক’ মনে হত,
আজ তা অনেক শহরে নিয়মিত বাস্তবতা হয়ে উঠেছে।
প্রশ্নটা এখন আর “গরম পড়বে কি না”—
না, বরং “এই গরম কতটা বিপজ্জনক হতে পারে,” এই জায়গায় এসে পৌঁছেছে।
জলবায়ু পরিবর্তন:
৫০° সেলসিয়াস—
যখন শরীর নিজেই নিজের শত্রু
৫০° সেলসিয়াস শুধু একটা সংখ্যা নয়—
এটা মানবদেহের সহ্যসীমার কাছাকাছি একটা বিপজ্জনক স্তর।
এই পর্যায়ে সমস্যা শুরু হয় শুধু তাপমাত্রা দিয়ে নয়,
বরং আর্দ্রতার সঙ্গে মিলিত হয়ে তৈরি হওয়া “বসবাসের অযোগ্য আবহাওয়া” থেকে।
আর এই পর্যায়ে দাঁড়িয়ে—
- ঘাম ঝরে, কিন্তু শরীর ঠান্ডা হয় না।
- ভেতরের তাপ বের হতে পারে না।
- শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ভেঙে পড়ে।
- হিট স্ট্রোক ও অর্গান ফেইলিওরের ঝুঁকি বাড়ে।
এটা শুধুই অস্বস্তি নয়, এটা সরাসরি জীবন ঝুঁকির ইঙ্গিত।
ভেজা বাল্ব তাপমাত্রা
(Wet Bulb Temperature):
এক নীরব, কিন্তু ভয়ঙ্কর বিপদ!
সবচেয়ে ভয়াবহ বিষয় হল—
(দেখুন) ওয়েট বাল্ব টেম্পারেচার,
যা শুধু থার্মোমিটারের তাপমাত্রা নয়, বরং বাতাসের আর্দ্রতার সঙ্গে তাপের সমন্বিত প্রভাব।
যখন এই মান খুব বেড়ে যায়, তখন ঘাম বাষ্প হয়ে বের হতে পারে না।
শরীর নিজে নিজে ঠান্ডা হওয়ার ক্ষমতা হারায়।
দীর্ঘ সময় থাকলে বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে।
বিশ্বজুড়ে বিজ্ঞানীরা এটাকে ভবিষ্যতের “Livability threshold” হিসেবেই দেখছেন।
অর্থাৎ, “বসবাসযোগ্যতার সীমা”—
যে সীমার পর পরিবেশ মানুষের বসবাসের জন্য আর সহনীয় থাকে না।
সহজভাবে বললে এটা সেই তাপমাত্রা, আর্দ্রতা বা পরিবেশগত অবস্থার সীমা,
যেটা পার হলে মানুষের ক্ষেত্রে আর স্বাভাবিকভাবে বেঁচে থাকা বা কাজ করা কঠিন হয়ে পড়ে।
এই সীমা অতিক্রম করলে—
মানুষ বাঁচার চেষ্টা করে না, বাঁচতে পারে না।
জলবায়ু পরিবর্তন:
‘মেগা এল নিনো’—
প্রকৃতির চরম প্রতিশোধ
প্রকৃতি সাধারণত প্রতিশোধ নেয় না—
কিন্তু ভারসাম্য ভেঙে গেলে তার প্রতিক্রিয়া হয়ে ওঠে নির্মম।
কী এই এল নিনো?
প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে গেলে যে জলবায়ু প্রক্রিয়া তৈরি হয়,
সেটাই (দেখুন) এল নিনো নামে পরিচিত, যা ভারতের জন্য এক অশনিসংকেত।
এর প্রভাব ভারতীয় উপমহাদেশের সরাসরি পড়ে:
বর্ষার গতিপথ রুদ্ধ:
এটা ভারতের ওপরের বাতাসকে নিচের দিকে ঠেলতে থাকে, যার ফলে মেঘ তৈরি হতে বাধা পায়।
মরুভূমির আঁচ:
বর্ষা হয় অনিয়মিত, আর সেই জায়গায় জাঁকিয়ে বসে প্রাণঘাতী ‘লু।’
দীর্ঘস্থায়ী এই উত্তাপ মাটির আর্দ্রতা শুষে নিয়ে কৃষিব্যবস্থাকে ক্রমশ ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।
থালায় টান ও পাওয়ার গ্রিড কোলাপস্:
এই গরম কেবল ঘাম ঝরিয়ে ক্ষান্ত হয় না, এটা আঘাত করে আমাদের পেটে ও ঘরে।
অর্থাৎ, এই গরম শুধু শরীর পোড়ায় না—
এটা অর্থনীতি, খাদ্য এবং সভ্যতার ভিত একসাথে নাড়িয়ে দেয়।
খাদ্যসংকট:
অতি তাপে রবিশস্য থেকে শুরু করে ধান—
সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে।
ফলে খাদ্যদ্রব্যের দাম আকাশছোঁয়া হওয়া এবং দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হওয়া অসম্ভব কিছু নয়।
বিদ্যুৎ বিপর্যয়:
তাপমাত্রা বাড়লে সাধ্য অনুযায়ী প্রায় বহু ঘরে এসি ও কুলার চলবে।
কিন্তু আমাদের গ্রিড কি সেই বিপুল চাপ নিতে পারবে?
অতিরিক্ত লোডের কারণে বড় ধরনের ব্ল্যাকআউট পুরো শহরকে অন্ধকার
আর নরকযন্ত্রণায় ডুবিয়ে দিতে পারে।
জলবায়ু পরিবর্তন:
শহরগুলো কেন
সবচেয়ে বেশি ঝুঁকিতে?
শহুরে এলাকার সমস্যা আরও জটিল:
- কংক্রিট বেশি—> তাপ ধরে রাখে।
- গাছপালা কম—> প্রাকৃতিক শীতলতা কম।
- জনঘনত্ব বেশি—> বিদ্যুৎ চাহিদা বেশি।
ফলে শহরগুলো নিঃশব্দে এক একটা ‘হিট আইল্যান্ড’ হয়ে উঠছে।
এটা হয়তো এখনও আমরা সেভাবে টের পাচ্ছি না, কিন্তু এভাবে চলতে থাকলে,
এই শহরগুলোই ধীরে ধীরে বসবাসের জায়গা থেকে বেঁচে থাকার পরীক্ষাগারে পরিণত হচ্ছে।
এই তীব্র গরম থেকে বাঁচার উপায় কী?
এটা আজ আর ভবিষ্যতের প্রস্তুতি নয়— এটা এখন বেঁচে থাকার ন্যূনতম শর্ত।
নচেৎ এর ভয়াবহ মাশুল গুনতে হবে আমাদেরই।
১. ছাদের সাদা কবচ (Cool Roof):
বাড়ির ছাদে রিফলেক্টিভ হোয়াইট পেইন্ট (প্রতিফলিত সাদা রঙ) ব্যবহার করুন।
এটা সূর্যের তাপকে প্রতিফলিত করে ঘরের ভেতরে তাপমাত্রা কমিয়ে দিতে পারে।
২. কাজের সময় পুনর্বিন্যাস:
ইউরোপীয় ধাঁচে দুপুরে কাজ যথাসম্ভব বন্ধ রেখে ভোরে বা সন্ধ্যায় কাজের সংস্কৃতি তৈরি করতে হবে।
দুপুর ১২ টা থেকে ৪ টা পর্যন্ত সরাসরি রোদ মানেই মৃত্যুকে আমন্ত্রণ জানানো।
৩. আর্দ্রতা ও ইলেকট্রোলাইট:
কেবল ঝড় নয় শরীরকে সচল রাখতে নুন চিনির জলবা প্রাকৃতিক পানীয় (ডাবের জল, ঘোল) পান করুন।
৪. কংক্রিটের বদলে সবুজ:
নিজের বারান্দা বা ছাদে কিংবা বাড়ির চারপাশে ছোট বাগান গড়ে তুলুন।
গাছ কেবল অক্সিজেন দেয় না, এটা চারপাশের বাতাসের উত্তাপ শুষে নেওয়ার প্রাকৃতিক ফিল্টার।
৫. পোশাকের ধরন:
কৃত্রিম তন্তুর বদলে হালকা রঙের ঢিলেঢালা সুতির পোশাক ব্যবহার করুন, যা ত্বকে বাতাস চলাচলের সাহায্য করবে।
৬. এসি নির্ভরতা কমানো:
অপ্রয়োজনে একটানা এসি ব্যবহারের অভ্যাস শরীরকে বাইরে তাপমাত্রার সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা কমিয়ে দেয়।
তাই এসির ওপর অতি নির্ভরতা কমানো জরুরি।
৭. প্রাকৃতিক বায়ু চলাচল ও শেড:
দিনের বেলায় ভারী পর্দা বা শেড ব্যবহার করে সরাসরি রোদ ঘরে ঢোকা বন্ধ করুন এবং সূর্যাস্তের পর প্রাকৃতিক বায়ু চলাচলের ব্যবস্থা বাড়ান।
জলবায়ু পরিবর্তন:
সামাজিক ও নীতিগত পরিবর্তন
গ্রিন স্পেস ও ওয়াটার বডি:
শহরগুলোতে কংক্রিটের জঙ্গল কমিয়ে ‘গ্রিন স্পেস’ বাড়ানো এবং বিলুপ্তপ্রায় জলাশয়গুলোকে রক্ষা করা এখন অস্তিত্বের প্রশ্ন।
হিট অ্যাকশন প্ল্যান:
সরকারি স্তরে প্রত্যেকটা ব্লকে এবং শহরে ‘হিট অ্যাকশন প্ল্যান’ বাস্তবায়ন করতে হবে।
পাশাপাশি বিদ্যুৎ গ্রিডকে আধুনিকীকরণ করা জরুরী, যাতে অতিরিক্ত লোডে বিপর্যয় না ঘটে।
জল সংরক্ষণ:
বৃষ্টির জল ধরে রাখা এবং ভূগর্ভস্থ জলস্তর রিচার্জ করার প্রকল্পগুলোতে জোর দিতে হবে,
যাতে তৃষ্ণার্ত ভবিষ্যতে জলের হাহাকার না হয়।
এগুলো আর বিকল্প নয়—
এগুলোই আমাদের টিকে থাকার শেষ অবলম্বন।
সাবধান!
এটা কিন্তু শুধু ‘গরম’ নয়।
ভারতের জলবায়ু বাস্তবতা ধীরে ধীরে বদলাচ্ছে।

বিপদ দরজায় এসে কড়া না নাড়লে আমাদের সচেতনতা আগে থেকেই—
তেমনভাবে দেখার এক সভ্য ইতিহাস আমাদের নেই।
আজ যেটা “তীব্র গরম” হিসেবে দেখা যাচ্ছে, ভবিষ্যতে সেটাই হয়ে উঠতে পারে নিয়মিত চ্যালেঞ্জ—
যেখানে স্বাস্থ্য, খাদ্য এবং শক্তিব্যবস্থা একসাথে ভয়ানক চাপের মুখে পড়বে।
তাই প্রশ্নটা এখন আর ভবিষ্যতের নয়— বরং এটা বর্তমানের প্রস্তুতির প্রশ্ন।
এই লড়াইটা একক কোনও ব্যক্তিরও নয়, বরং পুরো সমাজের।
আমরা যদি আজ ব্যক্তিগত স্তরে সতর্ক না হই এবং নীতিগতভাবে পরিবেশ রক্ষায় সরব না হই,
তবে আগামী দিনগুলো আমাদের জন্য আরও নিষ্ঠুর হয়ে উঠবে।
হয়তো সে সময় আর তেমন বিশেষ করার কিছুই থাকবে না।
কারণ তখন লড়াইটা হবে না বাঁচার জন্য—
হবে শুধু কতদিন টিকে থাকা যায়, তার হিসেব।
অন্যান্য গুরুত্বপূর্ণ:
( চলুন এবারে জেনে নিই এই গল্পের ভেতরেই সেই সত্যিটা,
যা আপনাকে ভাবিয়ে তুলবে।
কেন বললাম?
সংক্ষেপে:
উন্নয়নের প্রচার—
প্রকৃত কাজের চেয়ে তবে কি ধীরে ধীরে ছবিটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে?
বর্তমান ভারতে কেন্দ্র ও রাজ্যের শাসক দলগুলোর বিজ্ঞাপনী খরচের খতিয়ান
আমাদের এই কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে।
আসলে সত্যের নিজস্ব একটা জ্যোতি থাকে,
তাকে প্রচারের আলো দিয়ে উজ্জ্বল করার প্রয়োজন পড়ে না।
জনস্বার্থ রক্ষায় কাজ যদি আন্তরিক এবং ভূমিস্তরে সার্থক হয়,
তবে সাধারণ মানুষ নিজের অভিজ্ঞতা দিয়েই তা অনুভব করতে পারে।
তার জন্য রাজপথের মোড়ে মোড়ে রাশি রাশি টাকার বিজ্ঞাপন
বা ডিজিটাল স্ক্রিনে মুখ দেখানোর প্রয়োজন হয় না।
কারণ যে উন্নয়ন মানুষের পেটের টান মেটায় আর মনে ভরসা জোগায়,
তার সবচেয়ে বড় প্রচারক স্বয়ং জনতা।
বাকিটা আপনি নিজেই বিচার করে নেবেন পড়ে।
পড়ুন: উন্নয়নের প্রচারে হাজার কোটি টাকা— ভেতরের গল্পটা ঠিক কী? )
একটা বিশেষ নিবেদন:
[ আপনাদের অকুণ্ঠ ভালোবাসাই Articlesবাংলা-র পথ চলার আসল এবং একমাত্র পাথেয়।
কেন আমাদের সাথে পথ চলবেন?
আমাদের লক্ষ্য
যৌথ অগ্রযাত্রা
আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাঁদেরও পড়তে, জানতে একটা সুযোগ করে দিন।
আমাদের অঙ্গীকার
বাঙালি জাতি যুগে যুগে তাঁর দেশ তথা পৃথিবীকে কীভাবে ঋদ্ধ ও সমৃদ্ধ করেছে।
ধন্যবাদ! ]
Articlesবাংলা Bangla Articles, Quotes & Prose-Poetry / বাংলা প্রবন্ধ, উক্তি ও গদ্য-কবিতা।








