বিদ্রোহের উত্থান:
নেপালের প্রধানমন্ত্রী প্রসঙ্গ:
হিমালয়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা ছোট দেশ নেপাল আজ বিশ্ব রাজনীতির মানচিত্র এক অভূতপূর্ব ‘কেস স্টাডি।’
যে দেশে রাজতন্ত্রের পতন আর মাওবাদী আন্দোলনের রক্তক্ষয়ী ইতিহাস রয়েছে,
সেখানে কোনও বুলেটের গর্জন নয়,
বরং একটা র্যাপার বাদ্যযন্ত্রের তালে তাল মিলিয়ে ক্ষমতার অলিন্দে ঢুকে পড়েছেন ৩৫ বছর বয়সী এক তরুণ—
বালেন্দ্র শাহ।
তিনি আমজনতার কাছে কেবলই ‘বালেন।’

এটা কেবল একটা সরকার বদলের গল্প নয়,
বরং দক্ষিণ এশিয়ার প্রচলিত ‘পরিবারতান্ত্রিক’ এবং ‘ভিআইপি কালচার’-এর কফিনে শেষ পেরেক ঢুকে দেওয়ার এক দুঃসাহসিক প্রচেষ্টা।
কাঠমান্ডুর (Kathmandu) রাস্তায় একসময় যে কণ্ঠস্বর সিস্টেমকে গালমন্দ করত,
আজ সেই কণ্ঠস্বরই সংসদ থেকে নির্দেশ জারি করেছে।
কিন্তু প্রশ্ন হল—
- বিদ্রোহের ভাষা কি প্রশাসনের কঠিন গদ্যে সফলভাবে অনূদিত হতে পারবে?
- রাজনীতি কি শুধু বংশের উত্তরাধিকার?
- ক্ষমতা কি শুধু গুটিকয়েক পরিবারের সম্পত্তি?
নেপালে এই প্রশ্নগুলো এখন আর তত্ত্ব নয়—
এগুলো রাস্তায় নামা মানুষের গলার স্বর।
- একজন র্যাপার।
- পেশায় ইঞ্জিনিয়ার।
- একজন বাইরের লোক।
বালেন শাহ।
পুরো রাজনৈতিক সিস্টেমকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।
এটা শুধু আর একজন মানুষের গল্প নয়।
এটা একটা দেশের জমে থাকা রাগের বিস্ফোরণ।
নেপালের প্রধানমন্ত্রী,
কে এই বালেন শাহ?
বালেন শাহ,
যাকে আজ সবাই (দেখুন) বালেন নামে চেনে, তিনি ১৯৯০ সালে কাঠমান্ডুতে জন্মগ্রহণ করেন।
একেবারে সাধারণ পরিবার থেকে উঠে আসা এই তরুণের বাবা একজন আয়ুর্বেদিক চিকিৎসক।
আর মা গৃহিণী।
বর্তমানে তিনি বিবাহিত এবং এক কন্যাসন্তানের জনক।
পড়াশোনার দিক থেকে তিনি একজন প্রশিক্ষিত সিভিল ইঞ্জিনিয়ার।
দেশে পড়াশোনা শেষ করার পর তিনি ভারতে গিয়ে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
তবে তাঁর পরিচয় শুধু ইঞ্জিনিয়ারিংয়েই সীমাবদ্ধ ছিল না।
রাজনীতিতে আসার অনেক আগে থেকেই তিনি নেপালের হিপ-হপ সংস্কৃতির এক পরিচিত মুখ।
র্যাপ গানের মাধ্যমে তিনি সরাসরি দুর্নীতি,
সামাজিক বৈষম্য এবং প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে কণ্ঠ তুলেছিলেন।
আর সেই প্রতিবাদী কন্ঠস্বরই একসময় গানের মঞ্চ ছাড়িয়ে পৌঁছে যায় বাস্তব রাজনীতির কেন্দ্রে।

নেপালের প্রধানমন্ত্রী:
বালেন ফেনোমেনন
বালেন শাহকে রাজনীতি তৈরি করেনি, বরং রাজনীতির ব্যর্থতা তাঁকে তৈরি করেছে।
দুর্নীতি, অব্যবস্থা, অকার্যকর প্রশাসন—
এই সবকিছুর বিরুদ্ধে তিনি প্রথমে কণ্ঠ তুলেছিলেন গান দিয়ে, যেমন তুলতেন জুবিন গর্গ।
(দেখুন) “নেপাল হাসিকো” (Nepal Hasiko)— শুধু গান ছিল না।
ওটা ছিল একটা অভিযোগপত্র।
তারপর?
- মানুষ শুনল।
- বিশ্বাস করল।
- আর ভোট দিল।
এক সাধারণ ব্যাপার।
২০২২ সালে কোনও বড় রাজনৈতিক দলের ছায়া ছাড়াই তিনি কাঠমান্ডুর মেয়র হন।
আর এটা প্রমাণ করে, মানুষ সুযোগ পেলে পুরনো মুখকেও অনায়াসে সরিয়ে দিতে পারে।
দক্ষতার মন্ত্রিপরিষদ
ও পেশাদারিত্বের নবদিগন্ত:
নেপালের এই নতুন রাজনৈতিক ধারার সবচেয়ে বড় চমক হল এর গঠনতন্ত্র।
এখানে রাজনীতির ময়দান দখল করেছেন বিষয়ভিত্তিক বিশেষজ্ঞরা।
অর্থমন্ত্রী হিসেবে যখন বিশ্বব্যাঙ্কের ২৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এক ব্যক্তিত্ব বসেন,
তখন অর্থনীতির ভারসাম্য নিয়ে সাধারণ মানুষের মনে আস্থা ফেরে।
তেমনি স্বাস্থ্য দপ্তরে এইমস দিল্লির প্রাক্তন নার্স নিশা মেহতা বা স্বরাষ্ট্র দপ্তরে প্রাক্তন ডিজে (DJ) সুদান গুরুং-এর উপস্থিতি প্রমাণ করে যে,
জনপ্রতিনিধি হওয়ার জন্য কোনও বিশেষ রাজনৈতিক বংশ পরিচয়ের কোনও প্রয়োজন নেই।
কাজের প্রতি নিষ্ঠা, বাস্তব অভিজ্ঞতা আর মাটির মানুষের সঙ্গে সংযোগই এখানে শেষ কথা।
এই তিনই হয়ে উঠেছে নেতৃত্বের নতুন মানদণ্ড।
পেশাদারদের এই সমাবেশ বা উপস্থিতি এক বড় সত্য সামনে এনে বুঝিয়ে দিচ্ছে যে,
দেশ চালানো কোনও আবেগে হয় না—
এখানে অনুভূতির পাশাপাশি লাগে পরিকল্পনা, দক্ষতা আর ঠাণ্ডা মাথার সিদ্ধান্ত।
নেপালের প্রধানমন্ত্রী:
ভাইরাল গল্প বনাম
বাস্তব ক্ষোভ
আজ সোশ্যাল মিডিয়ায় যে গল্প ঘুরছে—
“পুরো প্রফেশনাল সরকার”, “ডিজে মন্ত্রী”, “নার্স স্বাস্থ্যমন্ত্রী”—
এগুলো সত্যি হোক বা না হোক, একটা জিনিস স্পষ্ট করে:
মানুষ এই ধরনের সরকার চায়।
তারা চায়—
- কথা কম, কাজ বেশি।
- মাটির সঙ্গে যুক্ত যোগ্যতা ও মানসিকতা।
- বাস্তব কাজের অভিজ্ঞতা।
- জবাবদিহি।
রাজনৈতিক পদবী নয়।
ভিআইপি কালচার:
এখানেই আসল ফারাক
নেপালে পরিবর্তনের সবচেয়ে বড় প্রতীক কোনও নীতি নয়—
নির্মম ও স্পষ্ট মানসিকতা।
আইন কি সবার জন্য সমান?
নাকি কিছু মানুষ জন্মগতভাবেই আইনের ওপরে?
(মানে জন্মের সময়ই হয়ত VIP স্ট্যাম্প মেরে বেরিয়েছে।)
আমাদের বাস্তবতা কিন্তু লজ্জাজনকভাবে পরিষ্কার—
মন্ত্রী নামলেই রাস্তা ফাঁকা।
মানে গুগল ম্যাপস্ও তখন ভাবতে শুরু করে—
Road closed due to ego traffic.
(অহঙ্কারের ট্রাফিকের কারণে রাস্তা বন্ধ।)
- সাধারণ মানুষ কাজের সর্বনাশ করে থেমে থাকে।
- গর্ভবতী রাস্তাতেই যন্ত্রণায় ছটফট করে।
- মুমূর্ষুপ্রায় রোগী অ্যাম্বুলেন্সে শুয়ে মৃত্যুর সাথে লড়াই করতে থাকে।
- পরীক্ষার্থী ঘড়ির কাঁটার সাথে দৌড়ে হেরে যায়।
- দিনমজুরের একদিনের রোজগার রাস্তার ধুলোর সাথে উড়ে যায়।
মানে তখন সবাই ও সবকিছুই প্রায় মূল্যহীন হয়ে পড়ে।
কারও সময়ের কোনও দামই থাকে না সে মুহূর্তে।
আমরা ‘স্ট্যাচু অব লিবার্টি’ হয়ে যার যার অবস্থানে দাঁড়িয়ে থাকি,
আর ওনাদের সময়— ‘ন্যাশনাল অ্যাসেট।’
অ্যাম্বুলেন্সটাও যেন স্বাভাবিকভাবে বলে ওঠে—
“আপনি মরবেন মরুন, দেখছেন না স্যার যাচ্ছে?”

সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হল—
এটা আমাদের রাজ্য এবং দেশে স্বাভাবিক একটা বিষয়।
এটা শুধু অন্যায় নয়, একটা অসুস্থ ও বিকৃত ক্ষমতার প্রদর্শন।
ভিআইপি মানেই এখানে—
“আমি আলাদা, আমি বড়, আমি আইনের ঊর্ধ্বে।”
আর সংবিধান?
ওটা বোধহয় তখন সাধারণ মানুষের জন্য প্রিন্টেড কপি!
নীরবতার মূল্য:
আরও সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কী জানেন?
আমরা এটাকে এতটাই স্বাভাবিক বলে মেনে নিয়েছি যে, আর প্রশ্নই করি না।
কারণ প্রশ্ন করলে—
- “আপনি কে?
- আপনার বাবার নাম কী?
- কোথায় থাকেন?
- কী করেন?
- সাহস কে দিয়েছে?
- জানেন আমি কে?”
মানে আপনি অজান্তে এমন অপরাধ করে ফেলেছেন, যা আপনারই ধারণার বাইরে।
তাই আমরা মানিয়ে নিয়েছি।
আমরা চুপ করে গেছি।
কিন্তু নেপালে অন্তত এই নীরবতা ভাঙছে।
সেখানে মানুষ প্রশ্ন তুলছে—
কেন একজন মন্ত্রীর গাড়ির জন্য হাজার মানুষ—
- বিপদে পড়বে?
- সমস্যায় পড়বে?
- দাঁড়িয়ে থাকবে?
- ভুগবে?
অর্থাৎ দক্ষিণ এশিয়ায় যখন লাল বাতি লাগানো গাড়ির দাপটে সাধারণ মানুষের অ্যাম্বুলেন্স আটকে যায়,
তখন নেপাল দেখাল এক বৈপ্লবিক দিশা।
ট্রাফিক পুলিশকে মন্ত্রীর গাড়ি থামানোর পূর্ণ ক্ষমতা দেওয়া কেবল একটা নিয়ম নয়—
এটা রাষ্ট্রের সাধারণ নাগরিকের আত্মসম্মান ফিরিয়ে দেওয়ার লড়াই।
অনেকের মতে, এই (দেখুন) ভি আই পি সংস্কৃতির বিলোপ আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতের বৃহত্তর রাজনীতির গালে যেন এক সপাটে চড়ের মত।
কিন্তু শিক্ষাটা গ্রহণ করলে হয়।

যেখানে আজও নেতার পায়ের ধুলো নেওয়ার জন্য কর্মীদের লাইন পড়ে,
সেখানে এই নেপাল চোখে আঙুল দিয়ে শিখিয়ে দিচ্ছে—
আইন সবার জন্য সমান।
আর এই নীতি যদি সত্যিই দীর্ঘস্থায়ী হয়,
তবে তা আধুনিক গণতন্ত্রের শ্রেষ্ঠ উদাহরণ হয়ে থাকবে।
শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থায়
মানবিক সংস্কার:
নতুন সরকারের নীতিগুলো যেন সরাসরি মানুষের প্রতিদিনের যন্ত্রণার উপশম করতে তৈরি।
- পঞ্চম শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দিয়ে শৈশবকে প্রতিযোগিতার ইঁদুর দৌড় থেকে
মুক্তি দেওয়ার সিদ্ধান্তটা সুদূরপ্রসারী। - শিক্ষার উদ্দেশ্য যেখানে কেবল নম্বর নয়,
জ্ঞান অর্জন হওয়া উচিত, সেই লক্ষ্যে নেপাল এক কদম এগিয়ে। - অন্যদিকে বেসরকারি হাসপাতালগুলোতে ১০% শয্যা দরিদ্রদের জন্য সংরক্ষিত রাখার নির্দেশ স্বাস্থ্য-ব্যবস্থাকে ব্যবসার ঊর্ধ্বে তুলে এনেছে।
- জিডিপি দ্বিগুণ করার যে লক্ষ্যমাত্রা সরকার নিয়েছে,
তা অর্জনে এই সুস্থ ও শিক্ষিত প্রজন্মই হবে প্রধান হাতিয়ার।
নেপালের প্রধানমন্ত্রী:
আবেগ বনাম প্রশাসন
একজনের র্যাপার সিস্টেমকে চ্যালেঞ্জ করতে পারে—
কিন্তু দেশ চালানো?
সেটা সম্পূর্ণ আলাদা খেলা।
নেপালের বাস্তব সমস্যা:
- যুব বেকারত্ব।
- বিদেশি রেমিট্যান্সের ওপর নির্ভরতা।
- দুর্বল অবকাঠামো।
এগুলো কোনও বক্তৃতা (Speech) বা গান দিয়ে সমাধান কোনওদিন হবে না।
জাতীয়তাবাদ বনাম কূটনীতি:
বালেনের অগ্নিপরীক্ষা
বালেন শাহের রাজনীতি কেবল উন্নয়নের প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ নয়।
এর পরতে পরতে জড়িয়ে আছে কট্টর জাতীয়তাবাদ।
কর্ণাটকের বেলগাভিতে পড়াশোনা করা এই সিভিল ইঞ্জিনিয়ার যখন ভারতের মানচিত্র নিয়ে ‘গ্রেটার নেপাল’ বিতর্ক উসকে দেন।
তখন নয়া দিল্লির কূটনৈতিক মহলের পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে অস্বস্তি তৈরি হওয়া স্বাভাবিক।
একদিকে ভারতের সঙ্গে দীর্ঘদিনের আত্মিক ও বাণিজ্যিক সম্পর্ক,
অন্যদিকে তরুণ প্রজন্মের কাছে নিজের ‘ভূমিপুত্র’ ইমেজ ধরে রাখা—
এই দুই নৌকায় পা দিয়ে চলা বালেনের জন্য বড় চ্যালেঞ্জ।
তাঁর ভারত-বিদ্বেষী হিসেবে পরিচিত কিছু বক্তব্য ভবিষ্যতে কাঠমান্ডু ও দিল্লির সম্পর্কে কতটা প্রভাব ফেলবে, তার ওপরেই নির্ভর করছে নেপালের স্থিতিশীলতা।
নেপালের প্রধানমন্ত্রী
আর আমাদের আয়না:
নেপাল হয়ত পুরো বদলায়নি।
কিন্তু তারা অন্তত একটা কাজ করেছে—
তারা প্রশ্ন তুলেছে।
আর আমাদের এখানে?
- আমরা সমস্যাকে মানিয়ে নিয়েছি।
- নিজেদের স্বার্থকে বড় করে তুলেছি, ভালোবেসেছি।
- ভিআইপি কালচারকে স্বাভাবিক করেছি।
- রাজনীতিকে ‘আমাদের বাইরে’ ভেবে ছেড়ে দিয়েছি।
আর এটাই সবচেয়ে বড় বিপদ।
এই ট্র্যাডিশন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ঠিক কোথায় নিয়ে যাবে,
তা সময়ই বলে দেবে।
নেপালের প্রধানমন্ত্রী:
সিস্টেম ভাঙা বনাম
সিস্টেম গড়া
রাস্তার আন্দোলন আর সংসদের চেয়ারের মধ্যে ব্যবধান অনেক।
বালেন শাহ এবং তাঁর এই দক্ষ পেশাদারদের দল এখন এক কঠিন পরীক্ষার মুখে।
সিস্টেমকে প্রশ্ন করা যতটা সহজ,
কয়েক দশকের ঘুণ ধরা ব্যবস্থাকে আমূল বদলে ফেলা তার চেয়ে বহুগুণ কঠিন।
এখন কথা হল—
নেপালের এই মডেল কি অন্যান্য দেশের জন্য অনুপ্রেরণা হবে,
নাকি এটা কেবল একটা ক্ষণস্থায়ী আবেগ?
উত্তর দেবের সময়।

তবে এটুকু নিশ্চিত,
র্যাপের ছন্দে যে পরিবর্তনের গান বালেন গেয়েছিলেন,
তার প্রতিধ্বনি এখন হিমালয় ছাড়িয়ে হয়ত সারা বিশ্বে পৌঁছে গেছে।
যদি তিনি সফল হন, তবে ইতিহাস লিখবে—
সাধারণ মানুষ চাইলে সত্যিই পাহাড় নড়াতে পারে।
বালেন শাহ হয়ত পুরো সিস্টেমকে বদলে দিতে পারবেন না।
কিন্তু তিনি একটা কাজ করেছেন—
মানুষকে দেখিয়েছেন, সিস্টেমকে চ্যালেঞ্জ করা যায়।
অন্যান্য গুরুত্বপূর্ণ:
( আমাদের এখানে কী জানেন?
প্রকৃত কাজের বদলে, মাইকটা অবিরাম বাজতে থাকে অনেক বেশি।
মানে উন্নয়নটা মাটির স্পর্শে যতটা না থাকে, মাইকের শব্দের তরঙ্গে ভাসতে থাকে এর চেয়ে ঢের বেশি।
আর তা এমন জোরে যে শুনলে মনে হয়,
আগামীকাল ভোর হতেই গোটা এলাকাটা সার্বিকভাবে স্বর্গে আপগ্রেড হয়ে যাবে।
আর একেবারে কোমল,
মোলায়েম বাস্তবের কোলে ভর করে জনগণ ডানা মেলে উড়বে সুখের আকাশে।
কাজের ঘামের চেয়ে এখানে প্রচারের পারফিউম অনেক বেশি কড়া।
কখনও কখনও তো মনে হয়,
উন্নয়নটা মাছের কাঁটা হয়ে মাইকের গলায় আটকে গেছে এমনভাবে,
যে আর বেরোতেই পারছে না।
কেন বললাম?
নিজেই জেনে নিন ভেতরের সেই রহস্য আর অজানা, নির্মম বাস্তব,
যা জানলে হয়ত বুকটা আপনারও চিনচিন করবে।
পড়ুন: উন্নয়ন কী? কোনটাকে আপনি উন্নয়ন বলবেন? আসল সতিটা কোথায় লুকিয়ে? )
( এবারে একটু অন্য স্বাদে ফিরে যাই চলুন।
সংগীতের জগতে কিছু কন্ঠ থাকে যা শুধু কানে পৌঁছায়,
আর কিছু কণ্ঠ থাকে যা সরাসরি রক্তে মিশে যায়, শিরায়-উপশিরায় ছড়িয়ে পড়ে।
যাদের থেমে যাওয়ারও একটা আলাদা শব্দ আছে—
নিঃশব্দ অথচ অতিশয় ভারী।
অল্প বয়সেই বাবাকে হারিয়ে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেওয়া সেই ছোট্ট মেয়েটাই একদিন
হয়ে উঠল ভারতীয় সিনেমার এক অনিবার্য কণ্ঠ।
হয়ত আর নতুন কোনও গান আর রেকর্ড হবে না তাঁর কণ্ঠে।
হয়ত স্টুডিওর মাইক্রোফোন চুপ করে থাকবে তাঁর অপেক্ষায়।
তবুও কোথাও না কোথাও—
- কোনও পুরনো রেডিওতে।
- কোনও ডিজিটাল প্লে-লিস্টের ভিড়ে।
- কারও ব্যক্তিগত স্মৃতির মণিকোঠায়।
তিনি আবার গাইবেন—
- সেই একই আবেগে।
- একই নিষ্ঠায়।
- একই মরণজয়ী জাদুতে।
জানেন কোন সেই কণ্ঠ?
কী এর পেছনের সেই যন্ত্রণার ইতিহাস, অদম্য জেদ আর লড়াই?
পড়ুন: …: বিদায়, সুরের খরস্রোতা সিন্ধু! )
একটা বিশেষ নিবেদন:
[ Articlesবাংলা, আমার-আপনার পরিবার
আপনাদের জন্যেই এই ওয়েবসাইটের জন্ম।
তাই আরও বিভিন্ন দুর্দান্ত টপিকের ওপরে এরকমই সব
বিশ্লেষণধর্মী লেখা পেতে নিয়মিত আমাদের পেজে চোখ রাখুন।
আপনার প্রতিবেশি, বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন তথা সমাজের স্বার্থে
আপনার যে লেখাটা গুরুত্বপূর্ণ মনে হবে,
আপনি সেই লেখাকে শেয়ার করে পৌঁছে দিন তাঁদের কাছে,
যাতে তাঁরাও জানার, বোঝার সুযোগটুকু পান আপনাদের মাধ্যমে।
ইমেইল আইডি দিয়ে আমাদের বাঙালির পরিবারের একজন
প্রিয় মানুষ হয়ে উঠুন।
এরপর এই ওয়েবসাইটে যখনই কোনও লেখা প্রকাশিত হবে,
সবার আগে আপনি পেয়ে যাবেন নোটিফিকেশন—
সরাসরি আপনার ইনবক্সে।
এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানার অপেক্ষায় রইলাম।
চলুন বাঙালিকে বিশ্বের দরবারে সবাই মিলে একসাথে বারবার তুলে ধরি
চিন্তা, চেতনা আর শব্দের শক্তিতে—
একসাথে, সবাই মিলে।
বিশ্ব জানুক—
আমাদের ভারত কি?
বাঙালি কি?
বাংলা শব্দের ক্ষমতাই বা কি? ]
Articlesবাংলা Bangla Articles, Quotes & Prose-Poetry / বাংলা প্রবন্ধ, উক্তি ও গদ্য-কবিতা।




